ভিনিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুধু রাজনৈতিক মহলই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল তারকা প্রার্থীদের ভাগ্য। চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখরা রাজনীতির ময়দানে কতটা সফল হলেন-সেই প্রশ্নের উত্তর মিলেছে এবারের নির্বাচনের ফলাফলে। দেখা গেছে, কেউ পেয়েছেন বড় জয়, আবার কেউ হোঁচট খেয়েছেন ভোটের লড়াইয়ে।
হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেছেন। তিনি তৃণমূল প্রার্থীকে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত করে নিজের অবস্থান মজবুত করেছেন। একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে অবশেষে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীলের এই জয় রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-এর জন্য ফলাফল ছিল হতাশাজনক। নদীয়ার করিমপুর কেন্দ্রে সোহম শুরুতে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ব্যবধান উল্টে যায় এবং তিনি প্রায় ১০ হাজার ভোটে পরাজিত হন। একইভাবে বরানগর কেন্দ্রেও সায়ন্তিকা বড় ব্যবধানে হেরে যান বিজেপির প্রার্থীর কাছে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজেপির পক্ষেও আরও এক তারকা মুখ সাফল্য পেয়েছেন। হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। এই জয় তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
তবে সব তারকা প্রার্থীর ভাগ্য একরকম ছিল না। ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী, চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। এটি তার রাজনৈতিক জীবনে আরেকটি উল্লেখযোগ্য পরাজয় হিসেবে ধরা হচ্ছে।
সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের অংশগ্রহণ রাজনীতির ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে যেমন কিছু নতুন মুখ শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, অন্যদিকে বহু পরিচিত তারকাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, জনপ্রিয়তা থাকলেই নির্বাচনে জয় নিশ্চিত নয়-ভোটের লড়াইয়ে সংগঠন, কৌশল ও জনসংযোগই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ফলাফল।




