দেশ রক্ষায় নতুন আন্দোলনের প্রস্তুতি: নাহিদ ইসলাম

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সব রাজনৈতিক মত-পথের মানুষকে একত্রিত হওয়া জরুরি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারা নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, যা কোনো নির্দিষ্ট দল বা জোটের বিষয় নয়; বরং এটি দেশের অস্তিত্ব ও স্বার্থ রক্ষার আন্দোলন। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেটিই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য বাস্তবে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, তা জনগণ দেখতে চায়।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলেও কার্যকর পদক্ষেপের ঘাটতি এখনো রয়ে গেছে।

সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার তাদের সামনে না রেখে দলের নেতাকর্মীরাই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

পূর্বের খবরকাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা ট্রাম্পের