জ্বালানি লোডিং শুরু, নতুন যুগে প্রবেশ করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কেন্দ্রটিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে, যার মাধ্যমে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করবে।

বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার ফলে জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিক অনুমোদন মেলে।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন এই প্রকল্পটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

পূর্বের খবরদুয়াকে নিয়ে নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত রণবীর-দীপিকা
পরবর্তি খবরআগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!