জ্বালানি দামের প্রভাবে বাড়বে ভাড়া ও দ্রব্যমূল্য

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব হিসেবে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়টি স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের আলোচনা চলছে এবং এটি যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভাড়া বৃদ্ধির প্রভাব শুধু বাসভাড়ায় সীমাবদ্ধ থাকবে না; বরং ট্রাক ভাড়া বাড়ার মাধ্যমে সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের ওপর এর বড় প্রভাব পড়বে। তিনি উল্লেখ করেন, সরকারকে শুধু ভোক্তা নয়, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় নিতে হয়। “সরকার সবার সরকার—এমন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে সবার ক্ষতি কম হয়,” বলেন তিনি।

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, বড় ধরনের সংকট নেই, তবে ১০ থেকে ১৫ শতাংশ ঘাটতি রয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতির অংশ। নতুন জ্বালানিবাহী জাহাজ আসছে বলেও জানান তিনি। তবে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এবং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার (প্যানিক বায়িং) কারণে অনেক স্থানে সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়লে বাজারে পণ্যমূল্য অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার একটি প্রবণতা রয়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বেশি পড়বে।

সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে তিনি বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়তামূলক কর্মসূচি জোরদার করা হবে, যাতে তারা এই চাপ কিছুটা সামাল দিতে পারে।

পূর্বের খবরহাসপাতালে দেখা যাওয়ায় ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট
পরবর্তি খবরচুক্তি না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ থাকবে: ট্রাম্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!