আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

দেশব্যাপী লোডশেডিং পরিস্থিতির মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ার-এর একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়া। কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ থাকায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক দিন ধরে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ভারত থেকে মোট ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে, যার বড় অংশ আসে এই কেন্দ্র থেকে। ২০২৩ সালের মার্চে প্রথম ইউনিট এবং জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ঘাটতি দীর্ঘস্থায়ী হলে দেশজুড়ে লোডশেডিং পরিস্থিতি আরও প্রকট হতে পারে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।

পূর্বের খবরহরমুজ প্রণালি খুলছে না ইরান, উত্তেজনা আরও তীব্র
পরবর্তি খবরক্রাইসিস গ্রুপের প্রতিবেদন: সরকারের সামনে অত্যন্ত কঠিন পথ