আদ-দ্বীনে মারা যাওয়া ছয় নবজাতকদের বয়স ছিল মাত্র ১ থেকে ২ দিন

 

ভিনিউজ : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর হয়েছে। মারা যাওয়া শিশুগুলোর বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন। বুধবার (২৭ মে) সকালে ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, যে পোস্ট অপারেটিভ রুমে ঘটনাটি ঘটেছে সেখানে ছয় নবজাতক ও ১১ জন মা ছিলেন।

আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার সকাল ছয়টার দিকে দায়িত্বরত নার্স শিশুদের অসুস্থ অবস্থায় দেখতে পান। মায়েদের কাছ থেকেও বিষয়টি জানানো হয়। পরে দ্রুত শিশুদের এনআইসিইউতে নেওয়া হয়।

তিনি বলেন, এনআইসিইউতে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারটি শিশুর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, রুমে থাকা এক মা ঠান্ডা অনুভব করায় এসি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।

ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, পরে গরম অনুভূত হলে আবার এসি চালু করা হয়। এর কিছু সময় পর দুই শিশু অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে বাকি চার শিশুও অসুস্থ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বের খবরডয়েসে ভেলে প্রতিবেদন : জার্মান পাসপোর্ট পেলেন রেকর্ডসংখ্যক মানুষ
পরবর্তি খবরমধ্যপ্রাচ্যসহ দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!