ভিনিউজ ডেস্ক : স্পেনের জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আট বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকারের বিদায় এবং দেশটির রাজনীতিতে কট্টর ডানপন্থীদের উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। জনমত জরিপ বলছে, নির্বাচনে মধ্য-ডানপন্থী পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে সরকার গঠনের জন্য তাদের কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন প্রয়োজন হতে পারে।
রবিবার স্থানীয় সময় সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে একই সময় ভোট পড়েছিল ৪০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ আগের নির্বাচনের তুলনায় এবার ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রধানমন্ত্রী সানচেজের ধারণা, ভোটার উপস্থিতি ৭৫ শতাংশ বা তার বেশি হলে বামপন্থীরা সুবিধা পেতে পারেন।
স্পেনের ৩৫০ আসনের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭৬টি আসন। জনমত জরিপে পিপি এগিয়ে থাকলেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। ফলে ভক্সের সঙ্গে জোট গড়তে হতে পারে দলটিকে। এমনটি হলে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসান এবং গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো জাতীয় সরকারে জায়গা পেতে পারে কট্টর ডানপন্থীরা।
ভক্স অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করা, কর কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া বিভিন্ন নীতির বিরোধিতা করে। পাশাপাশি এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সম্প্রসারণেরও বিরোধী দলটি। অভিবাসন ও আবাসননীতিতে তাদের অবস্থান পিপির তুলনায় আরও কঠোর।
মূলত আবাসন সংকটকে কেন্দ্র করেই আগাম নির্বাচনের পথে হাঁটেন সানচেজ। সংসদে আবাসন সংকট মোকাবিলায় তাঁর প্রস্তাবিত কয়েকটি অধ্যাদেশ প্রত্যাখ্যাত হওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে তিনি নির্বাচনের ডাক দেন। দেশটিতে বাড়িভাড়া ও বাড়ির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
নির্বাচনী প্রচারে সানচেজ তার সরকারের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরেছেন। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে স্পেনের অবস্থান, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং শ্রমবাজার সংস্কারকে তিনি সরকারের বড় অর্জন হিসেবে দেখিয়েছেন। তবে আবাসন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ সেই সাফল্যের সুফল যথেষ্ট পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সানচেজের ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা এবং জাতীয় বিদ্যুৎ বিপর্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে।
নির্বাচনে জয়ী দলকে সরকার গঠনের জন্য সংসদের আস্থা অর্জন করতে হবে। এ প্রক্রিয়ায় দুই মাসের মধ্যে কোনো প্রার্থী আস্থা অর্জনে ব্যর্থ হলে স্পেনে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এবারের ভোট শুধু সানচেজ সরকারের ভাগ্য নির্ধারণ করছে না, বরং ইউরোপের রাজনীতিতে কট্টর ডানপন্থীদের ভবিষ্যৎ প্রভাবেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।




