ছয় ভাষায় দক্ষ লারিসা! কীভাবে বলিউডে জায়গা করে নিলেন ব্রাজ়িলিয়ান সৃুন্দরী, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে সম্পর্ক কিভাবে ?

 

ভিনিউজ ডেস্ক : বলিউডে নিজের জায়গা তৈরি করতে অনেকেই পাড়ি জমান মুম্বইয়ে। কিন্তু ব্রাজ়িল থেকে মাত্র ১৩ বছর বয়সে ঘর ছেড়ে বিদেশে মডেলিংয়ের স্বপ্নপূরণে যাত্রা শুরু করেছিলেন লারিসা বোনেসি। দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি ভারতীয় বিনোদনজগতের পরিচিত মুখ। মডেলিং থেকে অভিনয়, একাধিক ভাষায় দক্ষতা থেকে বলিউডের পরিচিত তারকাদের সঙ্গে কাজ-সব মিলিয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই ব্রাজ়িলীয় সুন্দরী। তবে সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় এনেছে তাঁকে।

১৯৯৪ সালের ২৮ মার্চ ব্রাজ়িলের পোর্তো আলেগ্রেতে জন্ম লারিসার। তাঁর মা ছিলেন পেশাদার মডেল। ফলে ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ের জগতের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। ব্রাজ়িলেই স্কুলের পড়াশোনা করেন লারিসা। পাশাপাশি চলতে থাকে মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ। মাত্র ১৩ বছর বয়সে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ব্রাজ়িল ছেড়ে চিনে পাড়ি জমান তিনি। বিদেশের মাটিতে নতুন পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই যাত্রাই পরবর্তী সময়ে তাঁকে ভারতের বিনোদন জগতে নিয়ে আসে।

২০১১ সালে মডেলিং ও অভিনয়ের সুযোগ খুঁজতে মুম্বইয়ে আসেন লারিসা। ভারতীয় সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে কাজ শুরু করেন। বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনচিত্র ও ফ্যাশন শুটে অংশ নেন তিনি। একই সঙ্গে ভারতীয় চলচ্চিত্রেও সুযোগ আসতে শুরু করে। অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত ‘দেশি বয়েজ়’ ছবির জনপ্রিয় গান ‘সুবহ হোনে না দে’-তে নৃত্যশিল্পী হিসেবে নজর কাড়েন লারিসা। পরে ‘গো গোয়া গন’সহ একাধিক ছবিতে কাজ করেন।

২০১৬ সালে তেলুগু ছবি ‘থিক্কা’র মাধ্যমে অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু। এরপর ‘নেক্সট ইন্তি’, ‘রকেট রাজা’ এবং ‘ঘাটী’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। গুরু রনধাওয়ার ‘সুরমা সুরমা’ গানের ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘পেন্টহাউস’-এও অভিনয় করেছেন লারিসা।

তাঁর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ভাষার দক্ষতা। এক সাক্ষাৎকারে লারিসা জানিয়েছেন, ছয়টি ভাষায় কথা বলতে পারেন তিনি। পর্তুগিজ, মান্দারিন, ইংরেজি, হিন্দি ও তেলুগু ভাষায় সাবলীল। ষষ্ঠ ভাষাটি সম্পর্কে অবশ্য বিস্তারিত জানা যায়নি। ভারতে এসে হিন্দি ও তেলুগু ভাষা শেখার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত কথোপকথনও তাঁকে ভাষা আয়ত্ত করতে সাহায্য করেছে।

তবে অভিনয় ও মডেলিংয়ের বাইরেও সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরিয়ান খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। ২০২৪ সাল থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। শোনা যায়, ওই বছরের এপ্রিলে লারিসার মায়ের জন্মদিনে আরিয়ান নিজের পোশাক সংস্থার তৈরি উপহার পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর পোশাক সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা যায়।

২০২৫ সালে আরিয়ানের পরিচালনায় ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর প্রচার ও প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন লারিসা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির প্রশংসা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবারকে নিজের পরিবারের মতো বলে উল্লেখ করেছেন লারিসা। শাহরুখ খানকে কিংবদন্তি আখ্যা দিয়ে তাঁর সাফল্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। আরিয়ানকে বুদ্ধিমান, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

তবে এত কিছুর পরও আরিয়ান ও লারিসার প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত নয়। দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। ফলে আপাতত তাঁদের ঘিরে আলোচনা জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে, নিজের কাজের মাধ্যমে ভারতীয় বিনোদনজগতে পরিচিতি বাড়িয়ে চলেছেন লারিসা। তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ।

আনন্দবাজার

পূর্বের খবরদেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!