নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট : সরকার গঠনে নির্ণায়ক সাত আসনের অপরচুনিটি পার্টি

 

ভিনিউজ ডেস্ক :

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট কিংবা বিরোধী দলগুলোর জোট কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটির পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাতটি আসন পাওয়া নবাগত মধ্যপন্থি রাজনৈতিক দল অপরচুনিটি পার্টি। দলটির সমর্থন ছাড়া ক্ষমতাসীন জোটের পক্ষে সরকার গঠন করা কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন ৭ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে। বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটসহ বিশেষ ভোট গণনার পর আগের প্রাথমিক ফলাফলে পরিবর্তন এসেছে। চূড়ান্ত হিসাবে ১৩০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা ৬৬। কিন্তু প্রধানমন্ত্রী লাক্সনের ন্যাশনাল পার্টি, অ্যাক্ট নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ড ফার্স্ট—এই তিন দলের ক্ষমতাসীন জোট পেয়েছে মোট ৬৫টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন কম।

অন্যদিকে বিরোধী নেতা ক্রিস হিপকিন্সের নেতৃত্বাধীন লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। তাদের সম্ভাব্য সহযোগী গ্রিন পার্টি পেয়েছে ১৭টি এবং তে পাতি মাওরি পেয়েছে পাঁচটি আসন। সব মিলিয়ে বামপন্থি বিরোধী জোটের আসনসংখ্যা ৫৮। ফলে তারাও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বিশেষ ভোট গণনার পর। প্রাথমিক ফলাফলে লাক্সনের নেতৃত্বাধীন জোটের আসন ছিল ৬৭। কিন্তু চূড়ান্ত গণনায় ন্যাশনাল পার্টির আসনসংখ্যা ৪২ থেকে কমে ৪০ হয়েছে। অন্যদিকে গ্রিন পার্টির আসন ১৬ থেকে বেড়ে হয়েছে ১৭। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪ লাখ ৮৪ হাজার ৮৬৫টি বিশেষ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ১৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বিদেশে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের ভোটও রয়েছে। চূড়ান্ত ফলাফলে ন্যাশনাল পার্টির দুই আসন কমে যাওয়ায় সরকার গঠনের সমীকরণ পুরোপুরি বদলে গেছে।
এই পরিস্থিতিতে সাতটি আসন পাওয়া অপরচুনিটি পার্টি বা টিওপি (দ্য অপরচুনিটিজ পার্টি) হয়ে উঠেছে নির্বাচনের সবচেয়ে আলোচিত রাজনৈতিক শক্তি। দলটির নেতা কিউলেই ওংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সরকার গঠনের পরবর্তী আলোচনা কোন দিকে এগোবে। যদিও বিরোধী জোটের সঙ্গে অপরচুনিটি পার্টি যুক্ত হলেও তাদের মোট আসন দাঁড়াবে ৬৫-যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট নয়। বিপরীতে ন্যাশনাল, অ্যাক্ট, নিউজিল্যান্ড ফার্স্ট ও অপরচুনিটি পার্টি একসঙ্গে হলে আসনসংখ্যা হবে ৭২। ফলে বর্তমান সমীকরণে লাক্সনের সরকার গঠনের সম্ভাবনাই বেশি।

তবে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। নির্বাচনের আগে লাক্সন অপরচুনিটি পার্টির সঙ্গে জোট করার বিষয়ে অনাগ্রহ দেখিয়েছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ড ফার্স্টের নেতা উইনস্টন পিটার্সও অপরচুনিটি পার্টির সঙ্গে কাজ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। বিশেষ করে জলবায়ু নীতি, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারের গুরুত্বপূর্ণ পদ বণ্টনের মতো বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। অপরচুনিটি পার্টির নেতা ওং জানিয়েছেন, সরকার গঠনের আলোচনায় তারা নিজেদের মূল নীতিগত অবস্থানের সঙ্গে আপস করবেন না। দলটি সরাসরি মন্ত্রিসভায় যোগ দেওয়া ছাড়াও সংসদে সরকারের আস্থা ও বাজেটসংক্রান্ত প্রস্তাবে সমর্থন দেওয়ার মতো ব্যবস্থার বিষয়েও আলোচনা করতে পারে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী নেতা ক্রিস হিপকিন্স স্বীকার করেছেন, বর্তমান আসন সংখ্যার হিসাবে তাঁর পক্ষে সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। ফলে লাক্সনের সামনে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার একটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। তবে সেই পথ নির্ভর করছে অপরচুনিটি পার্টির সঙ্গে সমঝোতার ওপর। প্রধানমন্ত্রী লাক্সনও জানিয়েছেন, তিনি দলটির সঙ্গে আলোচনা করবেন। তবে সরকার গঠনের আলোচনা সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় শুধু রাজনৈতিক সমর্থন নয়, মন্ত্রিসভার পদ, নীতিগত অঙ্গীকার এবং সংসদে সরকারের বিভিন্ন প্রস্তাবে সমর্থনের বিষয়ও গুরুত্ব পাবে। ২০২৩ সালের নির্বাচনের পর সরকার গঠনে প্রায় ৪০ দিন সময় লেগেছিল। এবার একাধিক দলের মধ্যে সমঝোতা প্রয়োজন হওয়ায় আলোচনা আরও দীর্ঘ হতে পারে।

নিউজিল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থায় এ ধরনের পরিস্থিতি একেবারে অস্বাভাবিক নয়। দেশটিতে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক মিশ্র নির্বাচনী ব্যবস্থা চালু রয়েছে। ফলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একাধিক দলকে সমঝোতার মাধ্যমে সরকার গঠন করতে হয়। এবারের নির্বাচনে ন্যাশনাল পার্টি ২৮ দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২৯ দশমিক ৮৮ শতাংশ ভোট। অর্থাৎ বেশি ভোট পেয়েও লেবার পার্টি সরকার গঠনের মতো আসনসংখ্যা অর্জন করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের অসন্তোষ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোনো প্রধান দলই ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। এ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে অপরচুনিটি পার্টির উত্থান দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত কাকে সমর্থন করবে। লাক্সন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে নিউজিল্যান্ডে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত সাত আসনের একটি ছোট দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পূর্বের খবররাশিয়ার মহাকাশ প্রযুক্তি পাচ্ছে পাকিস্তান, ভারতের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!