ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব নিয়ে জেলেনস্কির ক্ষোভ, যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: পুতিনকে হিটলারের সাথে তুলনা

ভিনিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, একজন আগ্রাসী ও হত্যাকারী কখনোই কারও বন্ধু হতে পারেন না। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র যথেষ্ট চাপ প্রয়োগ করছে না বলে অভিযোগ করেছেন তিনি। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহে মার্কিন বিলম্বের কারণেও ক্ষোভ জানিয়েছেন জেলেনস্কি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কিয়েভে নিজের কার্যালয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিবিসির ইউরোপ বিষয়ক সংবাদদাতা সারাহ রেইনসফোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্পের পুতিনকে বন্ধু হিসেবে উপস্থাপন করা তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে বিষয়টির তুলনা করে তিনি বলেন, পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রেখেছেন জেলেনস্কি। তবে তাঁর অভিযোগ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের মধ্যস্থতা কার্যক্রমে রাশিয়ার অবস্থানই বেশি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি শান্তি চুক্তির জন্য আলোচনা চালালেও তাঁদের ভূমিকা অনেক ক্ষেত্রে মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন তিনি।

চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। জেলেনস্কির ভাষায়, আলোচনায় যত বেশি তথ্য সামনে আসছে, সমস্যাও তত বাড়ছে। ডিসেম্বর মাসে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে। তবে সেখানে ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নিতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, চীনে পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি ইউরোপজুড়ে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনাও তিনি দেখছেন। তবে রাশিয়ার প্রকাশ্য অবস্থানে আলোচনার বিষয়ে কঠোর মনোভাবের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

জেলেনস্কি বলেছেন, আগ্রাসী পক্ষের প্রতি নিরপেক্ষ থাকার চেষ্টা কার্যত আগ্রাসী ও আক্রান্ত, উভয় পক্ষকেই সমানভাবে সমর্থন করার শামিল। তাঁর মতে, রাশিয়াকে আলোচনার টেবিলে কার্যকরভাবে চাপ দিতে পারে, এমন মিত্রদের প্রয়োজন ইউক্রেনের।

সাক্ষাৎকারে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার সংকটও তুলে ধরেন তিনি। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে।

জেলেনস্কির অভিযোগ, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দেওয়ায় ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহ বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানে মানুষের জীবনহানি।

এ ছাড়া ইউক্রেনের সামরিক ড্রোন পরিচালনায় ব্যবহৃত স্টারলিংক ও সামরিক যোগাযোগব্যবস্থা স্টারশিল্ডের ওপর অধিকৃত এলাকাগুলোতে বিধিনিষেধের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। এ সিদ্ধান্তের জন্য প্রযুক্তিগতভাবে স্পেসএক্সকে দায়ী করা হলেও রাজনৈতিক সিদ্ধান্তটি কার, তা তিনি নিশ্চিত নন বলে জানান।

সামনে কঠিন শীতের আশঙ্কাও করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। ডিনিপ্রো নদীর ওপর সেতুগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিদ্যুৎ সংকট ও নিরাপত্তাহীনতায় অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে যাচ্ছেন, বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

তবে রাজধানী রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন জেলেনস্কি। তাঁর কথায়, রাশিয়া চায় ইউক্রেনের মানুষ পালিয়ে যাক। মানুষ চলে যেতে পারে, কিন্তু তাঁরা যেকোনো উপায়ে রাজধানী রক্ষার চেষ্টা করবেন। কারণ রাজধানী ছাড়া একটি রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না।

পূর্বের খবরঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তি খবররাশিয়ার মহাকাশ প্রযুক্তি পাচ্ছে পাকিস্তান, ভারতের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!