মিশরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর ওয়াররাক এলাকার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর পেট্রোল ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে গেছে। দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার অভিযান শেষে মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর সেখান থেকে পেট্রোল ছড়িয়ে পড়লে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরের সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ এবং হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের চিকিৎসার তদারকি করতে কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে অপরিকল্পিত বসতি ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি। এ ছাড়া জরুরি সেবাদানকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব এবং তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার সীমাবদ্ধতাও পরিস্থিতি মোকাবিলাকে কঠিন করে তোলে।

মিশরে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও ব্যাপকভাবে ট্রাফিক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।

পূর্বের খবরঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬
পরবর্তি খবরচুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!