চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

উপাচার্যকে ঘিরে সৃষ্ট চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফা খালিদ বিন শামস বলেন, বিগত দুই মাস ধরে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

এছাড়া শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

পূর্বের খবরমিশরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১
পরবর্তি খবরবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!