আজ থেকেই ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, জেনে নিন পুরো প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তির আবেদন শুরু হচ্ছে। আজ বুধবার থেকে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে। এবার ভর্তির আবেদনে জিপিএর শর্ত কমিয়েছে ও শিথিল করেছে বিশ্ববিদ্যালয়গুলো। কৃষি গুচ্ছে আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আজ ২৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ফি জমা দেয়া যাবে। তবে লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। প্রয়োজনে এক বা একাধিক উপকেন্দ্রেও পরীক্ষা নেয়া হতে পারে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি ২০২৭। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী।

পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আজ বুধবার থেকে ভর্তির আবেদন শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। আর ‘ই’ ইউনিটের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

আবেদনের নিয়ম, ফি জমা দেয়ার পদ্ধতি ও ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় পাওয়া যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ হলো ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট।

‘এ’ ইউনিটের পরীক্ষা বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য। ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের, ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের, ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের এবং ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তির বিস্তারিত তথ্য:

  • কৃষি গুচ্ছে ভর্তির যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন-https://acas.edu.bd/check-eligibility
পূর্বের খবরনেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ, এক পর্দায় ফওয়াদ-মাহিরা-হানিয়া
পরবর্তি খবরজল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!