বিশেষ বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন
ভিনিউজ : মানুষের তৈরি একটি মহাকাশযান, যার যাত্রা শুরু হয়েছিল প্রায় অর্ধশতাব্দী আগে। পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সেটি। একসময় পৃথিবীর সঙ্গে তার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, নিভে যাবে যন্ত্রের আলো, বন্ধ হয়ে যাবে সংকেত পাঠানোর ক্ষমতা। অথচ থেমে থাকবে না তার যাত্রা। বিজ্ঞানীদের ধারণা, আরও অন্তত ৪০ হাজার বছর পরও মহাকাশের অসীম অন্ধকারে ছুটে চলবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার-১।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার-১। মূল লক্ষ্য ছিল সৌরজগতের বৃহস্পতি ও শনি গ্রহের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহ দুটির পরিবেশ, উপগ্রহ ও বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায় মহাকাশযানটি। পরে এর অভিযান নতুন মাত্রা পায়। ২০১২ সালে সূর্যের প্রভাববলয়ের একটি গুরুত্বপূর্ণ সীমানা হেলিওপজ অতিক্রম করে এটি প্রবেশ করে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে। মানুষের তৈরি কোনো যান হিসেবে এটিই প্রথম সেই অঞ্চলে পৌঁছানোর ইতিহাস গড়ে।
গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক আলোকদিনের সমান দূরত্বে পৌঁছেছে ভয়েজার-১। অর্থাৎ পৃথিবী থেকে আলোর গতিতে পাঠানো কোনো সংকেতও মহাকাশযানটিতে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় নেয়। আবার সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে লাগে আরও ২৪ ঘণ্টা। ফলে একটি বার্তা পাঠিয়ে তার উত্তর পেতে প্রায় দুই দিন অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের। বর্তমানে ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটছে এই মহাকাশযান।
তবে ভয়েজার-১-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শক্তির ক্রমাগত ক্ষয়। উৎক্ষেপণের সময় এতে প্রায় ৪৭০ ওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল। পারমাণবিক শক্তির উৎস থেকে পাওয়া সেই শক্তি প্রতিবছর প্রায় চার ওয়াট করে কমছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইতিমধ্যে মহাকাশযানটির একাধিক বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে পাঁচটি বন্ধ রয়েছে। আরও একটি যন্ত্রের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। বিজ্ঞানীরা প্রয়োজনীয় সেন্সরগুলো যত দিন সম্ভব সচল রাখার চেষ্টা করছেন।
নাসার ধারণা, ২০৩৬ সালের পর ভয়েজার-১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এর বৈজ্ঞানিক কার্যক্রম আরও সীমিত হতে পারে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মানেই মহাকাশযানটির যাত্রার সমাপ্তি নয়। এর সঞ্চিত গতিবেগের কারণে কোনো বড় মহাজাগতিক বাধার মুখে না পড়লে এটি আরও কোটি কোটি বছর মহাকাশে ভেসে বেড়াতে পারে।
ভয়েজার-১-এর ভবিষ্যৎ যাত্রাপথের হিসাবও বিস্ময়কর। বিজ্ঞানীদের অনুমান, আগামী প্রায় ৩০০ বছরের মধ্যে এটি সৌরজগতের দূরবর্তী বরফময় অঞ্চল ওর্ট ক্লাউডের কাছাকাছি পৌঁছাবে। সূর্যকে ঘিরে থাকা বরফ, ধূলিকণা ও ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর এই বিশাল বলয় অতিক্রম করতে তার প্রায় ৩০ হাজার বছর লাগতে পারে। এরপর প্রায় ৪০ হাজার বছরের মধ্যে গ্লিজ ৪৪৫ নামের একটি নক্ষত্রের ১.৭ আলোকবর্ষের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ভয়েজার-১-এর সঙ্গে রয়েছে মানুষের সভ্যতার একটি প্রতীকী পরিচয়ও। এর সঙ্গে বহন করা হচ্ছে সোনালি রঙের একটি বিশেষ রেকর্ড, যাতে পৃথিবীর নানা ভাষার শুভেচ্ছা, সংগীত, প্রাকৃতিক শব্দ, মানুষের জীবন ও পৃথিবীর ছবি সংরক্ষিত রয়েছে। এর উদ্দেশ্য, কোনো একদিন ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান পেলে তারা যেন পৃথিবী ও মানবসভ্যতা সম্পর্কে ধারণা পেতে পারে।
একসময় হয়তো ভয়েজার-১-এর পাঠানো শেষ সংকেতটিও পৃথিবীতে পৌঁছাবে। তারপর মহাকাশের অসীম অন্ধকারে তার অস্তিত্ব সম্পর্কে জানার কোনো উপায় থাকবে না মানুষের। তবু নক্ষত্র থেকে নক্ষত্রের দূরত্ব পেরিয়ে এগিয়ে যাবে মানুষের তৈরি এই দূত। পৃথিবী থেকে বহু দূরে, অচেনা মহাজাগতিক জগতের পথে সে বহন করে চলবে মানবসভ্যতার এক অনন্য স্বাক্ষর।




