বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থার (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলো।

সোমবার (১৬ নভেম্বর) ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন—ডিএফসি এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।

ডিএফসি বলেছে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোকে সহায়তা আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখছে। বাংলাদেশের নতুন এই যোগ্যতা দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সংক্রান্ত সুবিধা গুরুত্বপূর্ণ বিনিয়োগঘাটতি পূরণে সহায়তা করবে। পাশাপাশি যেসব প্রকল্প অর্থায়ন সংকটের কারণে বাস্তবায়নের অনিশ্চয়তায় থাকে, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।

ডিএফসির বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। একই সঙ্গে অঞ্চলটির বেশ কয়েকটি অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ক্ষেত্র। এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি আকৃষ্ট করা ও মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি।

উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক সংস্থা। বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে কাজ করে সংস্থাটি।

পূর্বের খবরসাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
পরবর্তি খবরবঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!