২০২৮ অলিম্পিক ক্রিকেট: মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে, আর ছেলেদের যুক্তরাষ্ট্রে

২০২৮ অলিম্পিক ক্রিকেট: মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে, আর ছেলেদের যুক্তরাষ্ট্রে

ভিনিউজ ডেস্ক : ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম নিশ্চিত করেছে সংস্থাটি। মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে, আর ছেলেদের প্রতিযোগিতা হবে যুক্তরাষ্ট্রে। যদিও বাংলাদেশের ২০২৮ অলিম্পিক গেমস ক্রিকেটে খেলা এখনও নিশ্চিত নয়।

রোববার ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি, প্রতিযোগিতার কাঠামো ও বাছাইপ্রক্রিয়া অনুমোদন করা হয়। সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আইসিসি টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে।

আইসিসির ঘোষণা অনুযায়ী, মেয়েদের অলিম্পিক বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ। এর আগে ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে হবে ছেলেদের বাছাইপর্ব।

দুই প্রতিযোগিতাতেই অংশ নেবে আটটি করে দল। দুই গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে খেলবে। গ্রুপের শীর্ষ দুই দল নয়, বরং দুই গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই পাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার শেষ টিকিট। এদিকে ২০৩১ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

পুরুষদের অন্যান্য বড় টুর্নামেন্টের মধ্যে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০৩৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ করা হয়নি।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। ফেব্রুয়ারি থেকে মার্চে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় মোট ২৩টি ম্যাচ হবে। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে চারটি যোগ্যতা অর্জনকারী দল। বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। বাকি তিন দল সুপার সিরিজে অংশ নিয়ে শেষ গ্রুপ পর্বের জায়গাটি নির্ধারণ করবে।

২০২৮ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ দলের গ্লোবাল বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। এই প্রতিযোগিতা থেকে আটটি দল মূল আসরে জায়গা পাবে। অন্যদিকে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। আঞ্চলিক বাছাইপর্ব থেকে আট দল এবং ২০২৬ বিশ্বকাপে খেলা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। গ্লোবাল বাছাইপর্বের শীর্ষ দুটি দল পাবে মূল আসরের টিকিট।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো আরও শক্তিশালী করা এবং পূর্ণ ও সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ বাড়ানোই এসব সিদ্ধান্তের লক্ষ্য।

পূর্বের খবর২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে এওসিকে আনুষ্ঠানিক আহ্বান ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!