২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে এওসিকে আনুষ্ঠানিক আহ্বান ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের

ভিনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) স্থানীয় শাখা কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে (এওসি) প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার সংগঠনটির নিউইয়র্ক সিটি শাখার সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। তবে এটি আনুষ্ঠানিক নির্বাচনী সমর্থন বা মনোনয়ন নয়; বরং তাঁর সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থিতার পক্ষে রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি তৈরির উদ্যোগ।

প্রস্তাবটি ২৯১ ভোটে পাস হয়। বিপক্ষে ভোট পড়ে ১২৩টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতিতে এওসির সম্ভাব্য জাতীয় নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হলো।

ডিএসএর নিউইয়র্ক সিটি শাখার সহসভাপতি গুস্তাভো গর্ডিলো বলেন, এই প্রস্তাবের মধ্য দিয়ে একটি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। তাঁর ভাষায়, এওসি ও নিউইয়র্কের ডিএসএ একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমজীবী মানুষের রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে জাতীয় পর্যায়ে কার্যকর নির্বাচনী প্রচার চালানোই তাঁদের লক্ষ্য।

এর আগে আটলান্টা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কের ইথাকা শহরের ডিএসএ শাখাগুলোও এওসিকে ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে। এসব প্রস্তাবে তাঁর সম্ভাব্য নির্বাচনী কর্মসূচির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে নিষেধাজ্ঞা আরোপ, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করা, সবার জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ এবং পরিবেশ রক্ষায় ‘গ্রিন নিউ ডিল’ বাস্তবায়ন।

তবে ডিএসএর অভ্যন্তরে এওসিকে নিয়ে মতপার্থক্যও রয়েছে। সম্মেলনে প্রস্তাবের বিরোধিতাকারী কয়েকজন সদস্যের বক্তব্য ছিল, এওসি সংগঠনটির মূল আদর্শ ও অগ্রাধিকার থেকে কিছুটা সরে গেছেন। তাঁদের আশঙ্কা, এখনই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানালে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে অবস্থানগত মতবিরোধের কারণে ২০২৪ সালে ডিএসএর জাতীয় সংগঠন এওসির প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছিল। সংগঠনটির দাবি ছিল, এওসি এ বিষয়ে তাদের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি। তবে গর্ডিলো মনে করেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। তাঁর মতে, গঠনমূলক সমালোচনা আন্দোলনকে দুর্বল করে না, বরং সংগঠনের সদস্যদের আরও সম্পৃক্ত করে।

এদিকে এওসি নিজেও তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়াই অথবা নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে অংশ নেওয়া দুটি সম্ভাবনাই বিবেচনায় রয়েছে তাঁর।

নিজের জাতিগত পরিচয়, ব্যক্তিগত জীবন, বয়স এবং কোন রাজনৈতিক পথ অনুসরণ করলে জয়ের সম্ভাবনা বেশি, এসব বিষয়ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করছেন তিনি।

এওসির কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। ফলে ২০২৮ সালের নির্বাচনে তিনি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে ডিএসএর একাধিক শাখার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন প্রজন্মের প্রগতিশীল নেতৃত্ব এবং শ্রমজীবী মানুষের অধিকারভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

পূর্বের খবরআনন্দবাজার প্রতিবেদন : অপু বা বুবলী নন, অন্য এক জনের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন শাকিব!
পরবর্তি খবর২০২৮ অলিম্পিক ক্রিকেট: মেয়েদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে, আর ছেলেদের যুক্তরাষ্ট্রে
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!