বিবিসি প্রতিবেদন : চীনে ট্রাম্প-পুতিন-শি’র ঐতিহাসিক বৈঠকের পরিকল্পনা, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রন

 

ভিনিউজ ডেস্ক : চীনের শেনজেনে আগামী সপ্তাহে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে বিশ্বের তিন প্রভাবশালী নেতার এই বৈঠক আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বিশ্বনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহের শেষ দিকে শেনজেনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন এবং বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করতে আগ্রহী।

সংবাদমাধ্যম এপি ও রয়টার্সের বরাত দিয়ে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা নেই। একই সঙ্গে বৈঠক থেকে কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতা আসার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এখন পর্যন্ত মস্কো ও বেইজিং আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

পরিকল্পনা অনুযায়ী, ট্রাম্প বুধবার রাতে চীনের শেনজেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হবে ট্রাম্প ও শি’র চতুর্থ বৈঠক। এরপর তিন নেতার যৌথ আলোচনার মধ্য দিয়ে চীন সফর শেষ করবেন ট্রাম্প।

এই বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বের বৃহত্তম দুটি পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণে নতুন কোনো কার্যকর কাঠামো নেই। এতে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের প্রস্তাব, নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোয় চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। তবে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভান্ডার এবং বেইজিংয়ের অবস্থানের কারণে এ উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, রাশিয়া ও চীনের সহযোগিতা পেতে দীর্ঘ আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হতে পারে।

এদিকে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন। অন্যদিকে ইরান পরিস্থিতি নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের তেলের অন্যতম বৃহৎ ক্রেতা চীন। পাশাপাশি বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে তিন নেতার যৌথ বৈঠক নিয়ে বেইজিং এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস অবশ্য জানিয়েছে, এ ধরনের আলোচনার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন।

বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতারা শেষ পর্যন্ত একই টেবিলে বসলে তা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান ও বৈশ্বিক নিরাপত্তার প্রশ্নে বাস্তব কোনো অগ্রগতি আসে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজর।

পূর্বের খবরভারতকে বৈক্তি, পাশ্বিক শকিস্তানকে আঞ্চলিক অংশীদার মনে করে যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
পরবর্তি খবরআনন্দবাজার প্রতিবেদন : অপু বা বুবলী নন, অন্য এক জনের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন শাকিব!
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!