ভারতকে বৈক্তি, পাশ্বিক শকিস্তানকে আঞ্চলিক অংশীদার মনে করে যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

 

ভিনিউজ ডেস্ক : ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরন মৌলিকভাবে ভিন্ন। ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক বৈশ্বিক কৌশলগত স্বার্থের ওপর প্রতিষ্ঠিত, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মূলত আঞ্চলিক প্রয়োজন কেন্দ্রিক। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবার (১৪ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভারত এখন একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নিরাপত্তা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ রয়েছে। বিপরীতে পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোর একটি হলো সন্ত্রাসবাদ দমন।

ভারতের আত্মরক্ষার অধিকারকে সম্মান করার ওপর জোর দিয়ে ব্লিঙ্কেন বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শূন্য সহনশীলতা নীতি থাকা প্রয়োজন। কোনো সন্ত্রাসী হামলার শিকার হলে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে একই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যাতে বড় সংঘাতে রূপ না নেয়, সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় সংঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত সম্পর্কের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন ব্লিঙ্কেন। তাঁর মতে, স্নায়ুযুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধের সময় কৌশলগত প্রয়োজনে ওয়াশিংটন পাকিস্তানের সামরিক ও বেসামরিক শাসনব্যবস্থার ভারসাম্য নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নেয়নি। তবে পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর, মহাকাশ, কোয়ান্টাম প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কথা উল্লেখ করেন তিনি। রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও স্বীকার করে ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন নয়াদিল্লির কাছে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রত্যাশা করে না।

সংবাদমাধ্যম রেডিফ-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান উত্তেজনা নিয়েও আলোচনায় কথা বলেন ব্লিঙ্কেন। আঞ্চলিক সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, জো বাইডেনের প্রশাসনে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

পূর্বের খবরবন্ধ হলো ফোনে বিনা মূল্যের সরকারি চিকিৎসাসেবা
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : চীনে ট্রাম্প-পুতিন-শি’র ঐতিহাসিক বৈঠকের পরিকল্পনা, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!