ভিনিউজ ডেস্ক:
নগরজীবনের ব্যস্ততা, ইট-পাথরের একঘেয়েমি আর যান্ত্রিকতার বাইরে প্রকৃতির স্নিগ্ধতায় সুরের এক অপূর্ব মিলনমেলা বসেছিল রাজধানীর গুলশান লেকপার্কে। রবীন্দ্রসংগীতের মাধুর্য আর আধুনিক বাংলা গানের আবেশে জমে ওঠে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’। গুলশান সোসাইটির আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এই সংগীতসন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশের দুই জনপ্রিয় শিল্পী অদিতি মহসীন ও বাপ্পা মজুমদার।
অগ্রহায়ণের মৃদু হিমেল হাওয়া আর লেকের পানির ঢেউয়ের সঙ্গে মিলেমিশে সন্ধ্যাটি হয়ে ওঠে এক সাংস্কৃতিক উৎসব। গুলশান এলাকার বাসিন্দা, সোসাইটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে লেকপার্ক পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানের শুরুতে অদিতি মহসীনের কণ্ঠে রবীন্দ্রসংগীতের সুরে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। পরে মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ দিয়ে শুরু করে ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ ও ‘গাড়ি চলে না’সহ জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তোলেন শ্রোতাদের। অনেকেই তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের উদ্যোগ ও নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনায় ছিল বাংলার ঋতুবৈচিত্র্য, নবান্নের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নাগরিক জীবনে নতুনভাবে ফিরিয়ে আনা।
স্বাগত বক্তব্যে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হেমন্ত বাংলার আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠের সোনালি ধান, কৃষকের মুখের হাসি আর ফসল ঘরে তোলার আনন্দ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নাগরিক জীবনে আমরা সেই ঐতিহ্য ভুলতে বসেছি। নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করে দিতে চাই। হেমন্তের এ আয়োজন সকল ধর্মের বর্নের মানুষের জন্য সম্প্রীতির মেলবন্ধন।
নাগরিক জীবনে সাংস্কৃতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুলশান সোসাইটির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। গান, ঐতিহ্য ও মিলনমেলার এমন আয়োজন হেমন্তের সন্ধ্যাকে শুধু উপভোগ্যই করেনি, মনে করিয়ে দিয়েছে বাংলার চিরচেনা ঐতিহ্যকে।




