‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’ চলছে রাজধানীতে

হাজার বছরের প্রাচীন চর্যাগীতি ও বাংলার আধ্যাত্মিক সাধক-সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’।

‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে শনিবার ও রোববার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এই উৎসব হবে।

ভাবনগর ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের প্রথম দিন শনিবার সকাল থেকে এই উৎসব শুরু হয়। বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও চর্যাগীতির আসর চলে দুপুর পর্যন্ত।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে আছেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ম্যাক্স স্টীলে।

আরও ছিলেন লার্নিং ডিজাইন স্টুডিওর লার্নিং ডিজাইনার মিখাইল ইদ্রিস এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল ৩টায় ভেন্যু পরিবর্তন হয়ে অনুষ্ঠান গড়াবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমির বিপরীতে উদ্যানের ‘ভাবনগর সাধুসঙ্গ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চর্যাগীতি প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ এবং চর্যাগীতি শোভাযাত্রা।

দুই দিনের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪ জন সাধক ও শিল্পী চর্যাগীতি পরিবেশন করবেন।

তাদের মধ্যে রয়েছেন বরিশালের শাহ আলম দেওয়ান, চুয়াডাঙ্গার সাধিকা সৃজনী তানিয়া, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক ও হালিমা খাতুন, পঞ্চগড়ের রবিউল হক, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দিন ও এরশাদ হোসেন, ঝিনাইদহের ফতেহ কালাম ও জ্ঞানহীন নাহিম।

এ ছাড়া কিশোরগঞ্জের অন্ধ আল আমিন সরকার পিপাসী, উজ্জ্বল ফকির, সিদ্দিক ফকির, জিল্লুর সরকার ও জাকির চিশতি, সুনামগঞ্জের নজরুল ইসলাম রানা, পাবনার ফকির আবুল হাসেম, ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়া, মুন্সীগঞ্জের মিনা পাগলী, নোয়াখালীর আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জের ফারুক নূরী, ময়মনসিংহের ফাহিম আহমেদ এবং ঢাকার ইশরাত জাহান তৃষা আসরে গান শোনাবেন।

আয়োজক ভাবনগর ফাউন্ডেশন জানিয়েছে, এই উৎসবের মাধ্যমে বাংলার আত্মার গান খ্যাত চর্যাগীতি ও সাধক-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার ক্ষেত্র আরও প্রসারিত হবে।

পূর্বের খবরগুলশান লেকপার্কে সুরের মূর্ছনায় হেমন্ত সন্ধ্যা, মুগ্ধ অদিতি-বাপ্পার গানে
পরবর্তি খবরআলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!