কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ চিত্রনায়িকা বর্ষাবর্ষা, অনন্ত জলিলের জন্য চাইলেন দোয়া
ভিনিউজ ডেস্ক : ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানো এবং পরিবারের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তানসহ পুরো পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা লেখেন, তাদের জন্য মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতায় তারা কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা তাদের সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে বলেও জানান তিনি।
জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না উল্লেখ করে বর্ষা লেখেন, কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এটিই জীবনের বাস্তবতা। আল্লাহর ওপর ভরসা রেখেই তারা সামনে এগিয়ে যেতে চান।

পোস্টে সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়ে এই অভিনেত্রী লেখেন, আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দেন।
নিজের পাশাপাশি স্বামী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্যও দোয়া চেয়েছেন বর্ষা। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং সবার মনের নেক ইচ্ছা পূরণ করেন, সেই প্রার্থনাও জানান তিনি। পোস্টের শেষাংশে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা তাদের দোয়ায় রাখার অনুরোধ জানান।
সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে নিজের জন্য দোয়া ও ইতিবাচক পোস্ট দেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন অনন্ত জলিল। এবার একই কঠিন সময়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বর্ষাও।




