আলবেনিয়ায় ক্রমেই শক্তিশালী হচ্ছে ছাত্র আন্দোলন, উত্তাল রাজধানী তিরানা

ভিনিউজ ডেস্ক: ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় দুর্নীতিবিরোধী আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। প্রধানমন্ত্রী এদি রামার সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর থাকলেও আন্দোলনকারীরা পিছু হটতে নারাজ। অন্যদিকে প্রধানমন্ত্রী এদি রামা এই অস্থিরতার পেছনে ‘অ্যান্টিফা’ গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তবে তার এই বক্তব্য আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। বরং সরকারের এই ব্যাখ্যা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রশ্ন উঠেছে।

গত ১৩ অক্টোবরের ব্যাপক বিক্ষোভের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবার রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তিরানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা সরকারের বিরুদ্ধে নিজেদের অসন্তোষ প্রকাশের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন । বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের জানালাগুলো তখনো মেরামত করা হয়নি । ভবনের দেয়ালে অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট কালো ধোঁয়ার দাগ আন্দোলনের তীব্রতার সাক্ষ্য দিচ্ছে ।

প্রায় পাঁচ মাস আগে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই সরকারবিরোধী আন্দোলনের পেছনে রয়েছে একটি বিতর্কিত উন্নয়ন পরিকল্পনা । অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার সহযোগীরা আলবেনিয়ার একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় বিলাসবহুল হোটেল ও পর্যটন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন বাণিজ্যিক প্রকল্পের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে সরকারি সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগ সামনে আসে।

ধীরে ধীরে এই অসন্তোষ কেবল একটি নির্মাণ প্রকল্পের বিরোধিতায় সীমাবদ্ধ থাকেনি । সরকারের বিরুদ্ধে দুর্নীতি, জবাবদিহির অভাব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে আন্দোলনে যোগ দিতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে কলেজ ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে । প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে । আন্দোলনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও তরুণদের মধ্যে সরকারের প্রতি অনাস্থা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে পরিস্থিতিটি আলবেনিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রশাসনিক স্বচ্ছতা এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংকট । আন্দোলনের বিস্তার ঠেকাতে সরকার কী পদক্ষেপ নেয়, নাকি বিক্ষোভ আরও বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, এখন সেদিকেই নজর দেশটির মানুষের।

সূত্র: রয়টার্স, এপি

পূর্বের খবরশতাব্দীর সবচেয়ে আলোচিত কেলেঙ্কারি: রাষ্ট্রদ্রোহ ও জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত ইংল্যান্ডের সেই ডাচেস
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!