বলিউড : গোবিন্দকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, দীর্ঘ পোস্টে বিস্ফোরক দিব্যা খোসলা

 

ভিনিউজ ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই নানা আলোচনা চলছে। এর মধ্যেই অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে গোবিন্দের নাম জড়ানো নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এ বার সেই বিতর্কে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী দিব্যা খোসলা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে গোবিন্দের তীব্র সমালোচনা করার পাশাপাশি তাঁর স্ত্রী সুনীতার পাশে দাঁড়িয়েছেন দিব্যা।

দিব্যার সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ভাগ করে নিয়েছেন সুনীতা আহুজাও। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডে।

গোবিন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দিব্যা লিখেছেন, নিজের স্ত্রীকে ‘খুনি’ হিসেবে তুলে ধরার চেষ্টা করা একজন ‘মেরুদণ্ডহীন পুরুষের শেষ সীমায় নেমে যাওয়ার’ উদাহরণ। যদিও এই অভিযোগের বিস্তারিত প্রেক্ষাপট নিয়ে দিব্যা তাঁর পোস্টে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।

কেন গোবিন্দ ও সুনীতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন দিব্যা। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে গোটা ঘটনাটি প্রকাশ্যে ঘটতে দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। সে কারণেই নিজের ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।

এর পর ভারতীয় সমাজে নারীর অবস্থান ও পরিবর্তিত সামাজিক বাস্তবতা নিয়েও কথা বলেন দিব্যা। তার মতে, একটা সময় নারীদের পুরুষের অধীনস্থ হিসেবেই দেখা হতো। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে নারীরা শিক্ষিত ও স্বনির্ভর। নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগের তুলনায় অনেক বেশি স্বাধীনতা অর্জন করেছেন তাঁরা।

গোবিন্দের দীর্ঘ অভিনয়জীবন ও জনপ্রিয়তার কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন দিব্যা। তিনি জানান, একসময় গোবিন্দ ছিলেন দর্শকের অত্যন্ত প্রিয় অভিনেতা। এমনকি তার নিজের মায়েরও গোবিন্দকে পছন্দ ছিল। তবে অভিনেতার সাফল্যের পেছনে তার স্ত্রী সুনীতার অবদানও স্মরণ করা প্রয়োজন বলে মনে করেন দিব্যা।

সুনীতার ভূমিকার কথা বলতে গিয়ে দিব্যা জানান, তিনি গোবিন্দের সন্তানদের মানুষ করেছেন এবং নিজের কোনও পেশাগত ক্যারিয়ার গড়ে তোলেননি। সংসার ও সন্তানদের দায়িত্ব সামলে তিনি স্বামীর পাশে থেকেছেন। তাই গোবিন্দের সাফল্যকে শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখা উচিত নয় বলেই মত দিব্যার। তাঁর বক্তব্য অনুযায়ী, পরিবারের দায়িত্ব সামলানোর মাধ্যমে সুনীতাও সেই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সুনীতার বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দিব্যা। তার দাবি, একজন নারী যখন প্রকাশ্যে দাঁড়িয়ে সাহায্যের আবেদন করছেন, তখন সমাজের অন্যদের নীরব থাকা উচিত নয়। তবে গোবিন্দ ও সুনীতার ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে না এলে তিনি এ নিয়ে মন্তব্য করতেন না বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী।

গোবিন্দের সঙ্গে অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে যে খবর প্রকাশ্যে এসেছে, সেটির প্রসঙ্গও দিব্যার পোস্টে উঠে এসেছে। এসব ঘটনায় নিজের খারাপ লাগার কথা জানিয়ে তিনি বিশেষ করে বহুবিবাহকে বিভিন্ন প্রচারের মাধ্যমে আড়াল করার অভিযোগ তোলেন।

দিব্যার এই দীর্ঘ পোস্ট নতুন করে গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। তার ওপর সুনীতার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ভাগ করে নেওয়া বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে গোবিন্দের পক্ষ থেকে দিব্যার এই মন্তব্যের বিষয়ে নতুন করে কোনও প্রতিক্রিয়া এসেছে কি না, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

-আনন্দবাজার অবলম্বনে

পূর্বের খবরমাথাব্যথা হলেই মাইগ্রেন নয়, কোন লক্ষণে বুঝবেন আসল সমস্যা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!