ভিনিউজ ডেস্ক: ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবির দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী আলিয়াকে।
এর আগে প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন দীপিকা। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সিক্যুয়েলে তাঁর চরিত্রটি আর থাকছে না। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
খবরে বলা হয়েছে, হায়দরাবাদে ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। সেই সূত্র ধরেই আলিয়ার সম্পৃক্ততার গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে নির্মাতা কিংবা অভিনেত্রীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
প্রথম ছবিতে দীপিকার চরিত্রের নাম ছিল ‘সুমতি’। তবে জানা গেছে, আলিয়াকে সেই চরিত্রে নয়, বরং সম্পূর্ণ নতুন একটি ভূমিকায় দেখা যেতে পারে। গল্পের জন্য চরিত্রটি গুরুত্বপূর্ণ বলেও দাবি করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলিয়া নাকি ইতোমধ্যে কয়েকটি দৃশ্যের শুটিংও সম্পন্ন করেছেন। যদিও এ তথ্যের স্বাধীনভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এদিকে আলিয়ার নাম ছবির সঙ্গে জড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ মন্তব্য করছেন, দীপিকার মতোই আলিয়াকেও হয়তো বিশেষ উপস্থিতির চরিত্রে দেখা যেতে পারে। আবার অনেকের মতে, সিক্যুয়েলে তাঁর অন্তর্ভুক্তি ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে।
তবে সব জল্পনার অবসান ঘটাতে এখন অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য




