যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ ‘গুলির শব্দ’ শোনা গেলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে অনুষ্ঠান শুরুর আগে ট্রাম্প ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। ঠিক তখনই বাইরে থেকে একাধিক ‘গুলির শব্দ’ ভেসে এলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্তত কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস সদস্যরা প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ এক পোস্টে জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। তিনি শিগগিরই হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন বলেও উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি পরবর্তী ৩০ দিনের মধ্যে পুনঃনির্ধারণ করা হবে। তিনি নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তিনি নিহত হয়েছেন নাকি জীবিত অবস্থায় হেফাজতে নেওয়া হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনামাত্র অতিথিরা টেবিলের আড়ালে আশ্রয় নেন এবং অনেককে মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি খুব কাছাকাছি স্থানেই ঘটেছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।




