সিএনএন প্রতিবেদন : ক্যানসারজয়ী জীবনের নতুন অধ্যায়, পাহাড়ের চূড়ায় পৌঁছে আবেগঘন বার্তা দিলেন কেট মিডলটন

 

ভিনিউজ ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালের কঠিন দিন, সুস্থ হয়ে ওঠার দীর্ঘ পথ এবং জীবনের প্রতি নতুন করে উপলব্ধি, সব মিলিয়ে এক আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন বা কেট মিডলটন। ক্যানসার থেকে সেরে ওঠার পর তাঁর জীবনযাত্রার পরিবর্তন এবং মানসিক শক্তির গল্প নিয়ে নির্মিত নতুন প্রামাণ্যচিত্র ‘হিল’ (Heal)। এতে নিজের অসুস্থতা, মৃত্যু সম্পর্কে উপলব্ধি, পরিবার এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের কথা অকপটে জানিয়েছেন তিনি।

বিবিসিতে ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির সম্প্রচার শুরু হচ্ছে রবিবার। এতে দেখা যাবে, ক্যানসার থেকে সেরে ওঠার পর নিজের শারীরিক ও মানসিক সক্ষমতা ফিরে পাওয়ার লক্ষ্যে কেটের এক অসাধারণ অভিযাত্রা। চলতি বছরের জুনে তিনি যুক্তরাজ্যের অন্যতম কঠিন পর্বত অভিযান ‘ন্যাশনাল থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করেন। ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গে আরোহণ করেন তিনি। এই অভিযানের উদ্দেশ্য ছিল রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ। এই হাসপাতালেই ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন তিনি।

প্রামাণ্যচিত্রের একটি অংশে কেট বলেন, ক্যানসারের মতো অভিজ্ঞতা মানুষকে নিজের মৃত্যুর সম্ভাবনার মুখোমুখি দাঁড় করায়। তখন উপলব্ধি করতে হয়, জীবন অসীম নয়। এমন অভিজ্ঞতা মানুষের হৃদয়কে কোমল করে এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাঁর কথায়, একবার এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে আগের মানুষটিতে ফিরে যাওয়া কঠিন। সেখান থেকেই জীবনে পরিবর্তনের সূচনা হতে পারে।

তিনটি পর্বতশৃঙ্গে আরোহণের আগে নিজের শারীরিক সক্ষমতা নিয়েও সংশয়ে ছিলেন ৪৪ বছর বয়সী কেট। নিয়মিত প্রশিক্ষণ নিলেও এত বড় চ্যালেঞ্জ নেওয়ার মতো শক্তি তাঁর শরীরে ফিরেছে কি না, তা নিশ্চিত ছিলেন না। তবে তাঁর কাছে এই অভিযান শুধু পর্বতারোহণ ছিল না, বরং সুস্থ হয়ে ওঠার যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি একে অনেকটা তীর্থযাত্রার সঙ্গে তুলনা করেছেন।

অসুস্থতার সময় প্রকৃতির প্রতি তাঁর আকর্ষণ আরও গভীর হয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি সমুদ্র, গাছপালা ও পাহাড়ের কথা কল্পনা করতেন। কেটের ভাষায়, প্রকৃতি তাঁর আশ্রয় এবং মানসিক প্রশান্তির জায়গা। প্রকৃতির মধ্যে তিনি নিজের চেয়ে বৃহত্তর কোনো শক্তির অস্তিত্ব অনুভব করেন।

প্রামাণ্যচিত্রে হাসপাতালের অন্ধকার দিনগুলোর কথাও স্মরণ করেছেন তিনি। কখনো জ্ঞান হারানো, কখনো আধোচেতন অবস্থায় থাকার সেই সময়ে সবচেয়ে বেশি মনে পড়েছে একজনের হাত ধরে থাকার অনুভূতি। কেউ তাঁকে কোনো উপদেশ দেননি, সমস্যার সমাধানও করতে চাননি; শুধু পাশে ছিলেন। কেটের উপলব্ধি, ভালোবাসার প্রকৃত অর্থ অনেক সময় এভাবেই পাশে থাকা।

তাঁর এই অভিযাত্রায় ভাই জেমস মিডলটনও সঙ্গী ছিলেন। অভিযানের একপর্যায়ে স্বামী প্রিন্স উইলিয়ামের উদ্যোগে তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসের ভিডিওবার্তা দেখানো হয় তাঁকে। ছোট ছেলে লুইস মাকে জানায়, সে সব সময় তাঁর হৃদয়ে থাকবে। জর্জ তাঁকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। মেয়ে শার্লট জানায়, তাঁর এই প্রচেষ্টায় পুরো পরিবার গর্বিত।

সন্তানদের বার্তা শুনে আবেগাপ্লুত কেট বলেন, হাসপাতাল থেকে বেরিয়ে আসার শক্তি তাঁকে দিয়েছিল তাঁর সন্তানেরা। আর এই অভিযান শেষ করার প্রেরণাও তারাই।

শেষ পর্যন্ত তিনটি পর্বতশৃঙ্গ জয় করেন কেট। প্রামাণ্যচিত্রের শেষ বার্তায় তিনি বলেন, জীবনের কঠিন সময়ে কেউ একা নয়। অন্ধকারের মধ্যেও সৌন্দর্য ও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রে এনবিসিইউনিভার্সালে সোমবার, অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে মঙ্গলবার এবং কানাডার সিটিভি ও নুভোতে ৭ ডিসেম্বর প্রচারিত হবে ‘হিল’।

পূর্বের খবরবলিউড : বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!