সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল

আগামী ১২ মে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিস্তারিত তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তপশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল বিকেল চারটা। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদনের সময় ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট গ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি আসন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে জোটগত অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানতে চিঠি দেয় ইসি। এতে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন পৃথক একটি জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের ইলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংরক্ষিত মহিলা আসন আইন-২০০৪ অনুযায়ী, সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে।

পূর্বের খবর৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
পরবর্তি খবরঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরা