ব্রহ্মস ও অস্ত্র ক্ষেপণাস্ত্র কিনতে ভারতের সঙ্গে চুক্তির পথে ইন্দোনেশিয়া

ভারতের কাছ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ভারতের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একই দিনে দুই দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এ সফরেই প্রতিরক্ষা সহযোগিতা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৬৩ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের প্রতিরক্ষা সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। স্থল, সমুদ্র ও আকাশ—তিনটি প্ল্যাটফর্ম থেকেই এটি উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে, ভারতের তৈরি ‘অস্ত্র’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমানে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তিটি শুধু ভারতের প্রতিরক্ষা রপ্তানির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের বিষয়ও চুক্তির অন্তর্ভুক্ত থাকবে।

সফরকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৪–২৫ অর্থবছরে ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২৮ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া বর্তমানে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও কৌশলগত অংশীদার।

পূর্বের খবরভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম: মেসি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!