ভিনিউজ : ভারতের ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে চলমান আন্দোলন এখন আর শুধু দিল্লির যন্তর মন্তরেই সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন শহরের মতো মুম্বইতেও শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ জোরালো হয়েছে। সেই আন্দোলনের মধ্যেই এক সাহসী ঘটনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা রিয়া আহির। পুলিশের একটি ভ্যানে আটক আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একাই ভ্যানের সামনে দাঁড়িয়ে যান রিয়া। তার দাবি ছিল, আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
ঘটনাটি ঘটে মুম্বইয়ের শিবাজী পার্ক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পুলিশের ভ্যানের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন রিয়া আহির। মুহূর্তেই সেই ছবি আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
রিয়া আহির জানান, সেদিন বিকেল সাড়ে চারটার দিকে তিনি শিবাজী পার্কের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ দেখতে পান, বেশ কয়েকজন আন্দোলনকারীকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তার মনে হয়, কোনো অপরাধ না করেই তাদের আটক করা হচ্ছে। আন্দোলনকারীদের স্লোগান শুনে তিনি আর নীরব থাকতে পারেননি। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই দৌড়ে গিয়ে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তার তর্ক হয়। পুলিশ তাকে আশ্বস্ত করে জানায়, ভ্যানটি কিছু দূরে যাওয়ার পর আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু রিয়া পাল্টা প্রশ্ন করেন, যদি ছেড়েই দেওয়া হয়, তাহলে তখনই কেন তাদের মুক্তি দেওয়া হচ্ছে না? তার দাবি, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পুলিশ দিতে পারেনি। এতে তার বিশ্বাস আরও দৃঢ় হয় যে, আন্দোলনকারীদের আটক করার সিদ্ধান্ত যথাযথ ছিল না।
রিয়া স্বীকার করেছেন, বাইরে থেকে তাকে যতটা দৃঢ় দেখাচ্ছিল, ভেতরে ভেতরে তিনি ততটাই ভয় পাচ্ছিলেন। তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। শেষ পর্যন্ত পুলিশ আটক আন্দোলনকারীদের ছেড়ে দিলে তারা রিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলান এবং সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় রিয়া বলেন, এটি কোনো পরিকল্পিত প্রতিবাদ ছিল না। পরিস্থিতির তাৎক্ষণিক বাস্তবতা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তার আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হতে পারে বা দীর্ঘ সময় আটক রাখা হতে পারে। একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করাই নিজের দায়িত্ব বলে তিনি মনে করেন। তার ভাষায়, সেদিন যদি তিনি নীরব থাকতেন, তবে নিজের কাছেই ছোট হয়ে যেতেন।
রিয়া আহির পেশায় একজন অভিনেত্রী, মডেল, উপস্থাপক এবং উদ্যোক্তা। বিনোদন জগতের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে খোলামেলা মত প্রকাশের জন্যও তিনি পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উল্লেখযোগ্য অনুসারী রয়েছে। ঘটনার পর তিনি পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা নিজের সেই বহুল আলোচিত ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।
মুম্বইয়ের এই ঘটনা আবারও প্রমাণ করেছে, চলমান ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই; সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে সংহতি জানাচ্ছেন। আর রিয়া আহিরের সাহসী অবস্থান আন্দোলনের অন্যতম আলোচিত প্রতীক হিসেবে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
-আনন্দবাজার




