পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট আজ : নজরে মমতা-শুভেন্দু দ্বৈরথ

 

অভি মৈত্র, কলকাতা থেকে

ভিনিউজ : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে বুধবার। এ দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার বিভিন্ন কেন্দ্রে।

দ্বিতীয় দফার সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে ভবানীপুর কেন্দ্রে। সেখানে মুখোমুখি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে তাঁদের তুমুল লড়াই হয়েছিল। এবার সেই রাজনৈতিক দ্বৈরথ গড়িয়েছে ভবানীপুরে, যা মমতার দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত।

কলকাতার আরও কয়েকটি কেন্দ্রেও জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ফিরহাদ হাকিম আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন কলকাতা বন্দর কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংহ। রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের দেবাশিস কুমারের বিপরীতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন দাশগুপ্ত।

বালিগঞ্জ কেন্দ্রেও নজর থাকবে। সেখানে তৃণমূল এবার প্রার্থী করেছে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে বামপন্থী প্রার্থী হিসেবে লড়ছেন শিল্পী ও নবীন রাজনীতিক আরফিন বেগম।

এন্টালি কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং মানিকতলায় তৃণমূলের শ্রেয়া পাণ্ডের সঙ্গে বিজেপির সাবেক তৃণমূল নেতা তাপস রায়–এর লড়াইও আলোচনায় রয়েছে।

শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ আবারও ভোটের লড়াইয়ে নেমেছেন। অন্যদিকে শ্যামপুরে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা হিরন্ময় চট্টোপাধ্যায়।

দ্বিতীয় দফার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তরপাড়া। সেখানে তৃণমূলের প্রার্থী তরুণ আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএমের তরুণ নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, যিনি আগের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে আলোচনায় এসেছিলেন।

এ ছাড়া সিঙ্গুরে তৃণমূলের প্রার্থী ও বিদায়ী কৃষিমন্ত্রী বেচারাম মান্না, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী এবং চন্দননগরে ইন্দ্রনীল সেন–এর নির্বাচনও বিশেষভাবে পর্যবেক্ষণে থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। বিশেষ করে ভবানীপুরে মমতা-শুভেন্দু মুখোমুখি হওয়ায় এ দফা ঘিরে দেশজুড়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

 

 

পূর্বের খবরআইএমএফ পূর্বাভাস: মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ?
পরবর্তি খবরআবহাওয়ার পূর্বাভাস: অঝোর বৃষ্টি দিয়ে সকাল শুরু, ঝরবে টানা চারদিন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!