নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-কে গত বছরের এক গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

গত বছরের সেপ্টেম্বরে নেপালজুড়ে ছড়িয়ে পড়া এক গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বৃহত্তর ক্ষোভে রূপ নেয়।

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া মেনেই এই গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি।

একটি তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ওলি ও রমেশ লেখকের বিরুদ্ধে “ফৌজদারি অবহেলা”র অভিযোগ আনা হয় এবং তাদের বিচারের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুং-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে এর আগে ওলি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি তার বিরুদ্ধে “চরিত্রহনন” এবং “রাজনৈতিক প্রতিহিংসা”।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহ শপথ নেওয়ার পরদিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়—এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।”

ঘটনার পর রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।

বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের গ্রেপ্তার নেপালের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং নতুন সরকার নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শনের চেষ্টা করছে।

পূর্বের খবরতরুণদের নতুনভাবে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস: স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ব্যারিস্টার ওমর সাদাত
পরবর্তি খবরবাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী