দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নতুন সমীকরণ

 

ভিনিউজ ডেস্ক : দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমায় অমৃতা চরিত্রে দীপিকার স্বল্প উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছিল। এরপর থেকেই দ্বিতীয় কিস্তিতে তাঁকে আরও বড় পরিসরে দেখা যাবে কি না, তা নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে দীপিকার টিম স্পষ্ট করেছে, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সঙ্গে অভিনেত্রীর যুক্ত হওয়ার খবর সঠিক নয়। ফলে শিবার মা অমৃতার চরিত্রে দীপিকাকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, আপাতত তার অবসান ঘটল।

দীপিকার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি অভিনেত্রীকে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর সঙ্গে যুক্ত করে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সত্য নয়। ফলে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে অমৃতার চরিত্রে দীপিকার উপস্থিতির সম্ভাবনা থাকছে না। তবে দীপিকার অনুপস্থিতি ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহে খুব একটা প্রভাব ফেলছে না। বরং নতুন কিছু সমীকরণ ঘিরে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়ছে।

অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নতুন মুখ হিসেবে ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনিত পাড্ডার নাম আলোচনায় এসেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাঁর কাছে গেছে বলে খবর রয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা অবশ্য রণবীর কাপুরকে নিয়ে। প্রথম কিস্তিতে শিবা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার একই সিনেমায় শিবার পাশাপাশি ‘দেব’ চরিত্রেও তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। অর্থাৎ বাবা ও ছেলের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে একই অভিনেতাকে দেখা যেতে পারে। এর আগে দেব চরিত্রে রণবীর সিংয়ের নাম শোনা গেলেও বর্তমান পরিস্থিতিতে সেই সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

এদিকে দ্বিতীয় কিস্তিতে আলিয়া ভাটের চরিত্র ইশার পরিসরও বাড়তে পারে। প্রথম পর্বে শিবার সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইশা। এবার তাঁর চরিত্রকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রায় ১২৫ দিনের শুটিংয়ের মধ্যে আলিয়ার জন্য ২৫ দিন বরাদ্দ রয়েছে বলেও খবর এসেছে। এতে বোঝা যাচ্ছে, দ্বিতীয় কিস্তিতে শুধু গল্প নয়, গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর বিকাশেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।

‘ব্রহ্মাস্ত্র ২’-এর অংশ না হলেও দীপিকার পেশাগত ব্যস্ততা কমছে না। মাতৃত্ব, পরিবার ও অভিনয়-তিনটি দিক একসঙ্গে সামলে একের পর এক বড় প্রজেক্টে কাজ করছেন তিনি। বর্তমানে অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন ও রানী মুখার্জিসহ আরও অনেকে।

দীপিকার পেশাদারিত্বের নজির অবশ্য নতুন নয়। প্রথম সন্তান জন্মের আগে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। ২০২৪ সালে তাঁদের ঘরে আসে প্রথম সন্তান। বর্তমানে দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ এই সময়েও কাজের ক্ষেত্রে তাঁর ধারাবাহিকতা বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পূর্বের খবর‘ইমরান চুরি করেনি, পাকিস্তানের স্বার্থে যা করেছে’, কেঁদে ফেললেন মিয়াঁদাদ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!