জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ছয়টি। আর ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়টিও তুলে ধরেন সঞ্চিতা হক। তার মতে, রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অপরাধের দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন বাংলাদেশের এই কূটনীতিক। তিনি বলেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে।

অন্যদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির দাবি জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির অন্তর্ভুক্তির বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানানো হয়।

এ সময় এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

পূর্বের খবর‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প
পরবর্তি খবরআইসিজের রায় অত্যন্ত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!