গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকায়ও শ্রমিকেরা সড়কে এসেছিলেন। তাঁদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।




