ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, হরমুজ প্রণালি নিয়ে বাড়ছে উত্তেজনা

ভিনিউজ ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের মিত্র ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার পথে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্ট ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন, “ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। তবে প্রায় ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে।

হরমুজ প্রণালির দক্ষিণ পাশে অবস্থিত ওমান শুরু থেকেই সংঘাতে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে আসছে। একই সঙ্গে দেশটি ইরানের সঙ্গে আলোচনা করে জলপথটি পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে সংঘাতের মধ্যে ওমান নিজেও ইরানের কয়েকটি হামলার শিকার হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ওমান আলাদাভাবে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার ইরানের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি পথের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, “ট্রানজিট রুটের মানচিত্র নিয়ে একটি সমঝোতা হয়েছে।” তবে চূড়ান্ত বিবরণ নির্ধারণের পর দুই পক্ষ যৌথ বিবৃতি দেবে বলে জানান তিনি। ওমানও এর আগে আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে হওয়া ৬০ দিনের একটি সমঝোতা স্মারকের (MoU) মেয়াদ শেষ হওয়ার পথে।

ফক্স নিউজকে দেওয়া একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সরাসরি গোপন যোগাযোগের চ্যানেল রয়েছে। তবে আইআরজিসির এক মুখপাত্র ট্রাম্পের এ দাবি সরাসরি অস্বীকার করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে তিনি বলেন, আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে আমেরিকানদের কোনো আলোচনা চলছে না।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের অবস্থান এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ট্রাম্পের হুমকির ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্বের খবরশাহি দরবারের হাত মোছার ‘কাপড়’ :কীভাবে হয়ে উঠল প্রিয় খাবার রুমালি রুটি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!