এলপিজি-অটোগ্যাসে মূল্যবৃদ্ধি লিটারপ্রতি ১২ টাকা, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
ভিনিউজ : অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের দাম লিটারপ্রতি প্রায় ১২ টাকা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) অক্টোবর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। অটোগ্যাসের নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, অক্টোবর মাসে বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে সেপ্টেম্বর মাসে একই পরিমাণ এলপিজির দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।
এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। ফলে প্রতি লিটারে দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।
এলপিজি ও অটোগ্যাসের এই মূল্যবৃদ্ধির ফলে একদিকে যেমন বাসাবাড়িতে রান্নার খরচ বাড়বে, অন্যদিকে অটোগ্যাস ব্যবহারকারী যানবাহনের পরিচালন ব্যয়ও বাড়তে পারে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পাশাপাশি অটোগ্যাসনির্ভর পরিবহন খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।




