ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী হস্তান্তর করেছে।
আজ ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। তিনি আশা ব্যক্ত করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তায় অংশগ্রহণ তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন।

সূত্র: পিআইডি

পূর্বের খবরপ্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া
পরবর্তি খবরশান্তর সেঞ্চুরির পর মোস্তাফিজের ফাইফার, সিরিজ জিতলো বাংলাদেশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!