ভিনিউজ ডেস্ক: ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ (Wildberries)-এর দুটি বড় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। হামলার পর বিশাল গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশ ঢেকে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত কর্মীদের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গেছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ অঞ্চলের একটি ওয়াইল্ডবেরিজ গুদামে। সেখানে রাতের শিফটে কর্মরত ৭ জন ঘটনাস্থলেই নিহত হন এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বেশির ভাগই ড্রোনের বিস্ফোরণে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
অন্যদিকে, মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল শহরে অবস্থিত আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামেও ড্রোন হামলায় একজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার দায় স্বীকার করে বলেন, ইউক্রেনের বাহিনী রাশিয়ার “গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনা” লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর দাবি, এসব স্থাপনা নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, ড্রোন তৈরির উপাদান এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। তিনি আরও জানান, একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণসাগর এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াতেও বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের এই হামলা রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব। তাঁর ভাষ্য অনুযায়ী, আগের রাতেই রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন শহর ও বেসামরিক অবকাঠামোতে অন্তত ১৪ জন নিহত হন।
ওয়াইল্ডবেরিজকে প্রায়ই রাশিয়ার অ্যামাজনের সমতুল্য অনলাইন মার্কেটপ্লেস হিসেবে বর্ণনা করা হয়। বিজ্ঞাপন প্রতিষ্ঠান রাস (Russ)-এর সঙ্গে একীভূত হওয়ার পর ২০২৬ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে ফোর্বস রাশিয়া।
ইউক্রেনের নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সেরহি কুজান বিবিসিকে বলেন, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। তাঁর দাবি, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়াকি-টকি, বডি আর্মার, ড্রোনের যন্ত্রাংশসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনা হচ্ছিল। তাই এসব গুদামে হামলার উদ্দেশ্য ছিল রাশিয়ার লজিস্টিক ব্যবস্থা ব্যাহত করা এবং সামরিক শিল্পে প্রয়োজনীয় প্রযুক্তি ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি করা।
এদিকে ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম ঘটনাটিকে কোম্পানির জন্য “একটি ভয়াবহ রাত” বলে উল্লেখ করেছেন।
রুশ কর্মকর্তারা দাবি করেছেন, তাম্বভ অঞ্চলে ২৮টি এবং মস্কো অঞ্চলে ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। মস্কো অঞ্চলে একটি তেল সংরক্ষণাগারেও ড্রোনের আঘাতে আগুন লাগে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও লজিস্টিক অবকাঠামোর ওপর দীর্ঘপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব হামলায় রাশিয়ার তেল শোধন সক্ষমতার উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, রাশিয়া স্বীকার করেছে যে ইউক্রেনের হামলার কারণে দেশটিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
-বিবিসি




