সারা দেশে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়, যা ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশন—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়, যা ১২ মে পর্যন্ত চলবে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুদের হাম-রুবেলা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।




