ভিনিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে দীর্ঘদিন ধরেই ফিটনেস ও স্বাস্থ্যসচেতনতার প্রতীক হিসেবে দেখা হয়। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং যোগব্যায়ামের মাধ্যমে তিনি নিজেকে সুস্থ ও কর্মক্ষম রেখেছেন। তবে সম্প্রতি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নিজের জীবনের একটি কঠিন সময়ের কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
শিল্পা জানান, একসময় তিনি স্পন্ডিলাইটিসের তীব্র সমস্যায় ভুগতেন। ঘাড় ঘোরানো তো দূরের কথা, সামান্য নড়াচড়াও তাঁর জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। দীর্ঘ কয়েক বছর ধরে এই শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে। সেই সময় চিকিৎসার পাশাপাশি নিয়মিত ওষুধও সেবন করতে হতো।

যোগ দিবস উপলক্ষে ভারতের হরিয়ানায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিল্পা বলেন, শুরুতে নিজের ইচ্ছায় নয়, বরং একজন থেরাপিস্টের পরামর্শেই তিনি যোগব্যায়াম শুরু করেছিলেন। শারীরিক সমস্যার কারণে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে যোগাভ্যাস গ্রহণ করতে উৎসাহিত করা হয় তাঁকে।
অভিনেত্রীর ভাষায়, যোগব্যায়াম তাঁর জীবনে এক নতুন দিগন্ত খুলে দেয়। ধীরে ধীরে শরীরের নমনীয়তা বাড়তে থাকে এবং ব্যথাও কমে আসে। তিনি বলেন, “এক সময় আমি ঘাড় ঘোরাতে পারতাম না, পিছনে ফিরতে কষ্ট হতো। এখন আমি অনায়াসে হেডস্ট্যান্ড করতে পারি। যোগব্যায়াম আমার শরীর ও মন-দুই ক্ষেত্রেই অসাধারণ পরিবর্তন এনেছে।”
শিল্পার মতে, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়; এটি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিরও একটি কার্যকর উপায়। তিনি বিশ্বাস করেন, মানুষের প্রকৃত শক্তি শরীরে নয়, মনের মধ্যেই নিহিত। নিয়মিত যোগচর্চা সেই মানসিক শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে।
ফিটনেস সচেতন এই তারকা আরও জানান, সুস্থ থাকার জন্য সবসময় কঠোর ডায়েট বা ঘণ্টার পর ঘণ্টা জিমে সময় কাটানোর প্রয়োজন হয় না। বরং কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে সময়মতো ঘুমানো, প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম করা, সুষম ও সাধারণ খাবার খাওয়া এবং নিজের জন্য নির্দিষ্ট কিছু সময় রাখা।

বছরের পর বছর ধরে যোগব্যায়ামের প্রচারক হিসেবে পরিচিত শিল্পা শেট্টির এই অভিজ্ঞতা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়মিত যোগাভ্যাস শুধু রোগমুক্তিতেই সহায়ক নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্পন্ডিলাইটিসের মতো জটিল সমস্যাকে মোকাবিলা করে আজ তিনি যে সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন, তার পেছনে যোগব্যায়ামের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করেন এই বলিউড তারকা।
– আনন্দবাজার




