ভিনিউজ ডেস্ক : পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল একসময় কেমন ছিল? সেখানে কি সত্যিই নদী, হ্রদ কিংবা সমুদ্রের অস্তিত্ব ছিল? আর সেই গ্রহে প্রাণের বিকাশের উপযোগী পরিবেশ তৈরি হয়েছিল কি না? মহাকাশবিজ্ঞানীদের দীর্ঘদিনের এসব প্রশ্নের উত্তর খুঁজতে নতুন আশার আলো দেখাচ্ছে সাহারা মরুভূমিতে আবিষ্কৃত একটি প্রাচীন উল্কাপিণ্ড। গবেষকদের ধারণা, প্রায় ৪১০ কোটি বছর পুরোনো এই পাথরখণ্ড বিশ্লেষণ করে মঙ্গলের আদিম ভূপ্রকৃতি, অভ্যন্তরীণ গঠন এবং একসময়কার জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
২০২২ সালে আফ্রিকার মালির সাহারা মরুভূমির একটি লবণাক্ত সমভূমিতে অভিযাত্রীদের একটি দল উল্কাপিণ্ডটির সন্ধান পায়। ওই এলাকার নাম অনুসারে এর নাম রাখা হয়েছে ‘তেঘাজা ০০১’। উল্কাপিণ্ডটির আটটি খণ্ড উদ্ধার করা হয়, যার সম্মিলিত ওজন ৭৯৮ দশমিক ৫ গ্রাম। সবচেয়ে বড় খণ্ডটির ওজন ৪৪২ গ্রাম। দেখতে গোলাপি রঙের এই পাথরখণ্ডটি মঙ্গল গ্রহ থেকে ছিটকে মহাকাশে এসে পৃথিবীতে পড়েছিল বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক ইয়াং লিউর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল উল্কাপিণ্ডটি নিয়ে গবেষণা করেন। গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়। গবেষণায় উল্কাপিণ্ডটির মধ্যে পাওয়া জিরকন নামের বিশেষ খনিজ স্ফটিক বিশ্লেষণ করে এর বয়স অন্তত ৪১০ কোটি বছর বলে নির্ধারণ করা হয়েছে।
জিরকনকে বিজ্ঞানীরা একধরনের প্রাকৃতিক সময়ের আধার বা ‘টাইম ক্যাপসুল’ হিসেবে বিবেচনা করেন। কারণ, এই খনিজ স্ফটিকের গঠনকাল অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব। ফলে এর মাধ্যমে যে শিলায় স্ফটিকটি তৈরি হয়েছিল, সেই সময়ের ভূতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
গবেষকদের মতে, ‘তেঘাজা ০০১’ মঙ্গলের ম্যান্টল থেকে উঠে আসা ম্যাগমা ঠান্ডা হয়ে তৈরি হয়েছিল। অর্থাৎ, এটি লাল গ্রহটির অভ্যন্তরীণ গঠন ও প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে। এর রাসায়নিক বৈশিষ্ট্য মঙ্গল থেকে পৃথিবীতে আসা পরিচিত অন্যান্য উল্কাপিণ্ডের তুলনায় আলাদা। বিজ্ঞানীরা মনে করছেন, এটি মঙ্গলের এমন একটি ভূখণ্ড থেকে এসেছে, যার নমুনা আগে তাঁদের হাতে পৌঁছায়নি।
মঙ্গল গ্রহের জন্ম আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি বছর আগে। সেই হিসাবে উল্কাপিণ্ডটির গঠন হয়েছিল গ্রহটির সৃষ্টির প্রথম ৪০ থেকে ৫০ কোটি বছরের মধ্যে। বিজ্ঞানীদের কাছে সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, মঙ্গলের প্রাচীন ইতিহাসে তখন তরল পানির অস্তিত্ব ছিল বলে ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে গ্রহটির পৃষ্ঠ শুষ্ক ও রুক্ষ। সেখানে তরল পানির পরিবর্তে মূলত বরফের অস্তিত্ব রয়েছে। অথচ একসময় মঙ্গলে নদী ও হ্রদের মতো জলপ্রবাহ ছিল বলে ধারণা করা হয়।
উল্কাপিণ্ডটি মঙ্গল থেকে ঠিক কখন ছিটকে বেরিয়ে এসেছিল, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে পাথরখণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে মহাকাশে ছিটকে যায়। এরপর দীর্ঘ সময় সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে একপর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।
গবেষকেরা মঙ্গলের দক্ষিণ গোলার্ধের উচ্চভূমিতে সম্ভাব্য ১৩টি অঞ্চল চিহ্নিত করেছেন, যেখান থেকে উল্কাপিণ্ডটির উৎপত্তি হয়ে থাকতে পারে। এ বিষয়ে আরও গবেষণা চলছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ গেঞ্জের মতে, উল্কাপিণ্ডটি নিয়ে বিস্তারিত গবেষণা মঙ্গলের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। বিশেষ করে গ্রহটিতে যখন তরল পানির অস্তিত্ব ছিল, সেই সময়ের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।
বিজ্ঞানীদের আশা, ‘তেঘাজা ০০১’-এর রাসায়নিক ও খনিজ বিশ্লেষণ শুধু মঙ্গলের হারিয়ে যাওয়া জলজগতের ইতিহাস নয়, বরং সৌরজগতের প্রাচীন গ্রহগুলোর বিবর্তন এবং পৃথিবীতে প্রাণের উদ্ভবের সময়কার পরিবেশ বুঝতেও নতুন দিগন্ত খুলে দিতে পারে।




