ভিনিউজ : সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক দলের অনুগামী হওয়ার প্রবণতার লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সেটির সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই অভিযোগ করেন।
“একটা কথা না বলে পারছি না, আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে-বিএফইউজে, ডিইউজে। আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ আছে। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না, কিন্তু আপনারাই যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস অ্যা প্রবলেম,” বলেন মি. আলমগীর।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা দেখেছি তো আপনার গত ১৫ বছরে কী হয়েছে? গত ১৫ বছর আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিস্টকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এদেশের মানুষের দেখা।”
রাজনৈতিক দলাদলী ও প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিবে বলেও জানান তিনি।




