শাহরুখের ঘুম ভাঙার অপেক্ষায় ছিলেন হিনা, কেমন ছিল কিং খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ?

ভিনিউজ : বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ-যে কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাছেই নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা। টেলিভিশন তারকা হিনা খানের ক্ষেত্রেও তেমনই এক বিশেষ স্মৃতি হয়ে রয়েছে শাহরুখের সঙ্গে তাঁর প্রথম দেখা। সম্প্রতি এক পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হিনা জানান, শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কারণ, ক্লান্তিতে তখন বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলিউডের এই তারকা।

রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লের পডকাস্ট ‘পিওভি’-তে অতিথি হয়ে নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন হিনা খান। সেখানেই উঠে আসে তাঁর প্রথম শাহরুখ-সাক্ষাতের গল্প। তখন হিনার অভিনয়জীবনের বয়স মাত্র দেড় বছর। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কহলাতা হ্যায়’-এর শুটিং শুরুর প্রায় দেড় বছর পর একটি বিমানে শাহরুখ খানের সঙ্গে তাঁর দেখা হয়।

হিনা জানান, একই বিমানে নিজের পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পেয়ে প্রথমে তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অভিনেতাকে দেখে উত্তেজনা ও বিস্ময়ে তাঁর প্রতিক্রিয়া ছিল স্বাভাবিকভাবেই আবেগঘন। ভালো করে তাকিয়ে দেখার পর তিনি বুঝতে পারেন, শাহরুখ তখন গভীর ঘুমে আচ্ছন্ন।

হিনার কাছে তখন সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল শাহরুখের সঙ্গে একটি ছবি তোলা। কিন্তু প্রিয় তারকাকে ঘুম থেকে বিরক্ত করতে চাননি তিনি। তাই অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর শাহরুখ সম্ভবত কফি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। সেই সুযোগে হিনা তাঁর কাছে গিয়ে ছবি তোলার অনুমতি চান। শাহরুখ তাঁকে আশ্বস্ত করে বলেন, ছবি তুলবেন। কিন্তু কফি শেষ করার পর আবার ঘুমিয়ে পড়েন তিনি।

ফলে ফের অপেক্ষায় থাকতে হয় হিনাকে। বিমান অবতরণের সময় পর্যন্তও ছবি তোলার সুযোগ হয়নি। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর কিং খানের সঙ্গে ছবি তোলা সম্ভব হবে না। কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় কাঙ্ক্ষিত ঘটনা। বিমান অবতরণের পর শাহরুখ ঘুম থেকে উঠে হিনাকে ডাকেন। এরপরই তাঁদের ছবি তোলা হয়।

তবে গল্প এখানেই শেষ নয়। একই কোচে ফের যাওয়ার সময় শাহরুখ আবারও শেষের একটি আসনে গিয়ে ঘুমিয়ে পড়েন। হিনার বর্ণনা অনুযায়ী, সে সময় শাহরুখ একটি ছবির প্রচারে ব্যস্ত ছিলেন এবং টানা কয়েক দিন ঠিকমতো ঘুমোতে পারেননি। ফলে যাতায়াতের সময়টুকুই তাঁর কাছে বিশ্রামের সুযোগ হয়ে উঠেছিল।

শাহরুখের এই আচরণ হিনার মনে বিশেষ ছাপ ফেলেছিল। কারণ, প্রচণ্ড ক্লান্ত থাকা সত্ত্বেও তিনি হিনাকে দেওয়া কথা রেখেছিলেন এবং নিজে থেকে তাঁকে ডেকে ছবি তুলেছিলেন। একজন তারকার জনপ্রিয়তার পাশাপাশি তাঁর সৌজন্যবোধও যে ভক্তদের মনে কতটা প্রভাব ফেলে, হিনার এই অভিজ্ঞতা তারই একটি উদাহরণ।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির কাজে। এই ছবিতে প্রথমবার বাবা-মেয়ের চরিত্রে একই পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে। সুহানার বড়পর্দায় অভিষেকও হতে চলেছে বাবার হাত ধরে। ফলে ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

-আনন্দবাজার

পূর্বের খবরএসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
পরবর্তি খবর‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!