রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তথা চাহিদা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন।
দেশভেদে নির্ধারিত হতে পারে শুল্কের হার
এদিকে নতুন করে কী হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে, তা মেনে চলতে পারে হোয়াইট হাউস। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।
চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলেই এটি কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হয়ে গেলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য নির্ধারিত শুল্কের হার আরও বাড়তে পারে। তবে এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য আলাদা আলাদা শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।
জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।
তবে তার মতে, ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সে ক্ষেত্রে শর্ত থাকতে পারে, সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্কের হার বাড়ানো হবে।
যেসব দেশের বিরুদ্ধে তদন্ত
অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।
রয়টার্স বলছে, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি। এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বড় দায়ী হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করে দিচ্ছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।
আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও রয়েছে।
এদিকে চীনের সব আমদানি পণ্যের ওপর ইতোমধ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।




