ভূমিকম্পে রাজধানীতে ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু

 

ভিনিউজ : রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে তারা হলেন-রাফিউল (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশীষ কুমার সমকালকে বলেন, ভূমিকম্পের সময় কসাই টুলির কে পি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে তিন জন মারা যান। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভূমিকম্পের সময় মাথায় ইট পড়ে তাদের মৃত্যু হয়েছে।

পূর্বের খবরডয়েসে ভেলে রিপোর্ট : মাটির নিচে বসে যাবে কলকাতা?
পরবর্তি খবরভূমিকম্পে আতঙ্ক নয়, এখন জরুরি সতর্ক থাকা: আবহাওয়া অধিদপ্তর