– গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ভিনিউজ : গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাস্তবতার নিরিক্ষে এবং ভবিষ্যত প্রজন্মের স্বার্থে একবার হলেও ধানের শীষ ভোট দেওয়া উচিত। ভোট আপনাদের পবিত্র আমানত। আমি মনে-প্রাণে বিশ্বাস করি এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো মনে করতে পারেন এ নির্বাচনে বিশেষ একটি দল নেই, তাই ভোট কেন্দ্রে যেতে হবে না। স্বাধীনতার স্বপক্ষের দল হিসেবে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে হবে।
ধানের শীষে ভোট দিলে গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবারের নির্বাচন হবে ভোট বিপ্লবের নির্বাচন।

আজ (০১ ফেব্রুয়ারি) রবিবার দুপুর ১২ টার সময় কাশিয়ানী উপজেলার মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ মতবিনিময় সভার আয়োজন করে।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “আমি এমপি হতে নয়, আপনাদের প্রকৃত প্রতিনিধি হতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের আত্মীয়। আপনারা যদি পরিবারসহ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান এবং আপনাদের অধিকার আদায়ে কথা বলার সুযোগ দেন তাহলে শুধু মুকসুদপুর-কাশিয়ানী নয়, পুরো গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।”
তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া স্বাধীনতার স্বপক্ষের দল হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হবেন বলেও আশা রাখি।”
কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনায়েতের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সহসভাপতি নুরে আলম তোতা, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, কাশিয়ানী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল,বীর মুক্তি যোদ্ধা, দাউদ হোসেন, বদরুল আলম,নাগর মোল্লা, আব্দুল মান্নান,মোতালেব মোল্লা,আবুল মোল্লা, আফজাল হোসেনসহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




