জয়ন্ত আচার্য
সিনিয়র সাংবাদিক -গবেষক
বিশেষ প্রতিবেদন
ভিনিউজ: প্রেমের টানে ইতালি থেকে ভারতে আসা এক তরুণী। জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন এমন এক মানুষকে, যাঁর পরিবারের সঙ্গে জড়িয়ে ছিল ভারতের রাজনীতির দীর্ঘ ইতিহাস। সেই পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্য শাশুড়ি ইন্দিরা গান্ধী ও স্বামী রাজীব গান্ধী, দুজনকেই হারিয়েছেন হত্যাকাণ্ডে। একসময় নিজেই হয়ে উঠেছেন ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দলের নেত্রী। অথচ দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেও ফিরিয়ে দিয়েছেন। ভালোবাসা, বিয়োগান্তক অভিজ্ঞতা, ক্ষমতার রাজনীতি ও ব্যক্তিগত বিশ্বাসের এমন এক জীবনকাহিনি এবার নিজের ভাষায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
ভারতের রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবার নেহরু-গান্ধী পরিবারের অন্দরমহলের অনেক অজানা গল্প উঠে এসেছে তাঁর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ। মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে ৫৪৪ পৃষ্ঠার বইটি। এতে শুধু একজন রাজনীতিকের ব্যক্তিগত জীবন নয়, গত ছয় দশকে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নানা গুরুত্বপূর্ণ ঘটনাও উঠে এসেছে। রাজীব গান্ধীর সঙ্গে প্রথম পরিচয় ও প্রেম, ইন্দিরা গান্ধীর সঙ্গে পারিবারিক সম্পর্ক, পরপর হত্যাকাণ্ডে স্বজন হারানোর বেদনা, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান-সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে ভারতের সাম্প্রতিক ইতিহাসের এক ভিন্নধর্মী ব্যক্তিগত দলিল।

সোনিয়ার এই স্মৃতিকথার বিশেষত্ব হলো, এত দিন তাঁকে নিয়ে অন্যরা যেসব গল্প বলেছেন, সেসবের বাইরে এসে তিনি নিজেই নিজের জীবনের ব্যাখ্যা দিয়েছেন। ইতালির শৈশব থেকে ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র পর্যন্ত তাঁর দীর্ঘ যাত্রায় ব্যক্তিগত অনুভূতি ও রাজনৈতিক বাস্তবতা কীভাবে একাকার হয়েছে, তা-ই বইটির মূল আকর্ষণ।
কেমব্রিজের এক রেস্তোরাঁয় শুরু রাজীব-সোনিয়ার প্রেম
সোনিয়া গান্ধীর জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি শুরু হয়েছিল ইংল্যান্ডের কেমব্রিজে। ১৯৬৫ সালে সেখানে পড়াশোনার সময় এক গ্রিক রেস্তোরাঁয় রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রথম পরিচয়। রেস্তোরাঁটির নাম ‘দ্য ভার্সিটি’। এক সাধারণ বন্ধুর মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রাজীবের শান্ত স্বভাব, সৌজন্যবোধ ও ব্যক্তিত্ব সোনিয়াকে আকৃষ্ট করেছিল। বইতে সোনিয়া দাবী করছিল প্রথম দেখাতে রাজীবের প্রেমে পড়ে গিয়েছিলেন সোনিয়া ।
তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে সেই সম্পর্ক গভীর হয়। ভ্যালেন্টাইনস পার্টিসহ নানা স্মৃতি জায়গা করে নিয়েছে তাঁর স্মৃতিকথায়। একসময় বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। তবে ইতালি থেকে ভারতে এসে নেহরু-গান্ধী পরিবারের বধূ হওয়ার সিদ্ধান্তটি সোনিয়ার পরিবারের কাছে সহজে গ্রহণযোগ্য ছিল না। বিশেষ করে তাঁর বাবা মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে রাজীবের সঙ্গে নতুন জীবন শুরু করেন সোনিয়া। তখন কি তিনি জানতেন, এই ভালোবাসার সম্পর্কই একদিন তাঁকে ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারের কেন্দ্রে নিয়ে যাবে?
ইন্দিরা গান্ধী: শাশুড়ির ঘরোয়া রূপ, রাগ ও স্নেহ
ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সাধারণত দৃঢ়চেতা, কঠোর ও ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখা হয়। কিন্তু সোনিয়ার স্মৃতিকথায় উঠে এসেছে তাঁর একান্ত পারিবারিক জীবনের ভিন্ন চিত্র। শাশুড়ি হিসেবে ইন্দিরার রাগ, অভিমান, স্নেহ ও দৈনন্দিন অভ্যাসের নানা ঘটনা বর্ণনা করেছেন তিনি।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, ইন্দিরা কখনো কখনো প্রচণ্ড রেগে যেতেন। কোনো কর্মী গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেলে তাঁকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখার ঘটনাও ঘটেছে। এমনকি একবার একজন প্রবীণ কংগ্রেস নেতাকেও দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি। এসব ঘটনায় প্রথম দিকে সোনিয়া কিছুটা ভীত হয়ে পড়তেন। তবে রাজীব তাঁকে বোঝাতেন, মায়ের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। পরে ইন্দিরা অনেক সময় নিজের আচরণের জন্য অনুতপ্তও হতেন।

অন্যদিকে নাতি রাহুল ও নাতনি প্রিয়াঙ্কার প্রতি ইন্দিরার ভালোবাসা ছিল গভীর। তাদের উপস্থিতিতে তাঁর মেজাজ অনেকটাই বদলে যেত। পুরোনো ছবি সাজানো, শাড়ি-শাল গুছিয়ে রাখা কিংবা পারিবারিক স্মৃতি নিয়ে সময় কাটানোর মতো ঘরোয়া অভ্যাসের কথাও লিখেছেন সোনিয়া। রাজনীতির কঠিন বাস্তবতার আড়ালে একজন মা ও দাদির এমন মানবিক রূপ পাঠকের কাছে ইন্দিরা গান্ধীকে নতুনভাবে তুলে ধরবে।
পরিবারের তিন মৃত্যু, যে শোক বদলে দিয়েছিল সোনিয়ার জীবন
বইতে তিনি লিখেছেন , তার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে একের পর এক পারিবারিক মৃত্যুর মধ্য দিয়ে। ১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় রাজীবের ছোট ভাই সঞ্জয় গান্ধীর মৃত্যু, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালের ২১ মে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড-এই তিন ঘটনা তাঁর জীবনকে আমূল বদলে দেয়।
ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের দিনের স্মৃতি বইটির অন্যতম আবেগঘন অংশ। গুলির শব্দ, পরিবারের সদস্যদের আতঙ্ক, চিকিৎসকদের উদ্বেগ এবং শেষ পর্যন্ত ইন্দিরার মৃত্যুসংবাদ-সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা নিজের ভাষায় তুলে ধরেছেন সোনিয়া। ইন্দিরার মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু সোনিয়া চাইছিলেন না তাঁর স্বামী এই দায়িত্ব নিন। তাঁর আশঙ্কা ছিল, ইন্দিরার মতো রাজীবও রাজনৈতিক সহিংসতার শিকার হতে পারেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজীবকে প্রধানমন্ত্রী না হওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু রাজীবের উত্তর ছিল, তাঁকে এমনিতেও হত্যা করা হবে।
শেষ পর্যন্ত ১৯৯১ সালে রাজীব গান্ধীও হত্যাকাণ্ডের শিকার হন। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন সোনিয়া। এত দিন রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করলেও শোক, পারিবারিক উত্তরাধিকার এবং দায়িত্ববোধ তাঁকে ধীরে ধীরে জনজীবনের কেন্দ্রে নিয়ে আসে। তাঁর ব্যক্তিগত জীবনের আরও কিছু কঠিন অভিজ্ঞতা ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ও স্মৃতিকথায় স্থান পেয়েছে।
কংগ্রেসের নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান-

১৯৯৭ সালে কংগ্রেসের সদস্য হন সোনিয়া গান্ধী। পরের বছরই দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। রাজীব গান্ধীর মৃত্যুর পর দুর্বল হয়ে পড়া কংগ্রেসকে সংগঠিত করার কঠিন দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। দলের অভ্যন্তরীণ বিরোধ, নেতৃত্বের সংকট এবং নির্বাচনী চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাঁকে এগোতে হয়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাঁর সামনে। কিন্তু সেই পদ গ্রহণ করেননি তিনি।
স্মৃতিকথার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ২০০৪ সালের সেই সিদ্ধান্ত। সোনিয়া জানিয়েছেন, নির্বাচনের কয়েক মাস আগে সন্তানদের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট করে বলেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। রাহুল ও প্রিয়াঙ্কাও চাইতেন না তিনি এই দায়িত্ব গ্রহণ করুন। তাঁদের দাদি ইন্দিরা ও বাবা রাজীবের হত্যাকাণ্ডের স্মৃতি তাঁদের মনে প্রধানমন্ত্রীর পদ নিয়ে গভীর নিরাপত্তাশঙ্কা তৈরি করেছিল।
কিন্তু নির্বাচনে জয়ের পর জোটের নেতারা তাঁকে প্রধানমন্ত্রী হতে রাজি করানোর জন্য তাঁর বাসায় যান। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে আলোচনা। নেতাদের প্রবল চাপের মুখে একপর্যায়ে সোনিয়া অস্ফুট স্বরে ‘ঠিক আছে’ বললেও পরে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নিজের অবস্থান পুনর্বিবেচনা করেন। রাহুলের ক্ষোভ এবং প্রিয়াঙ্কার সমর্থন তাঁকে নতুন করে ভাবতে সাহায্য করে।

পরদিন কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে তাঁকে প্রধানমন্ত্রী করার দাবিতে নেতারা আবেগঘন বক্তব্য দিতে থাকেন। নিজের বক্তব্য পড়তে গিয়ে সোনিয়া একপর্যায়ে এতটাই বিচলিত হয়ে পড়েন যে তাঁর মনে হচ্ছিল, তিনি অজ্ঞান হয়ে যাবেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুক্ষণের জন্য সভাকক্ষের বাইরে যেতে হয় তাঁকে। পরে ফিরে এসে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, প্রধানমন্ত্রীর পদ কখনোই তাঁর লক্ষ্য ছিল না; দেশের ধর্মনিরপেক্ষ ভিত্তি ও দরিদ্র মানুষের স্বার্থ রক্ষা করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। এরপর তিনি ড. মনমোহন সিংয়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকার ভারতের ক্ষমতায় ছিল।
প্রধানমন্ত্রী মোদি, বিজেপি ও ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে সোনিয়ার অবস্থান-
স্মৃতিকথার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ভারতের সমকালীন রাজনীতি। নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক দর্শন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সোনিয়া। তাঁর মতে, মোদির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ খুবই সীমিত। আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা হলে সাধারণত নমস্কার বিনিময়ের মধ্যেই তা সীমাবদ্ধ থাকে। তবে তাঁদের রাজনৈতিক বিরোধকে তিনি ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখেন না; বরং ভারতের ভবিষ্যৎ নিয়ে দুটি ভিন্ন রাজনৈতিক দর্শনের সংঘাত হিসেবে দেখেন।

সোনিয়ার বক্তব্য, ভারত এমন একটি দেশ, যেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকা উচিত। তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএসের রাজনৈতিক প্রভাব ভারতের বহুত্ববাদী চরিত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার ঝুঁকি তৈরি করছে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্ত এবং কংগ্রেসের অতীত নিয়েও স্মৃতিকথায় আত্মসমালোচনার জায়গা রয়েছে। জরুরি অবস্থাকে ভুল সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করেছেন সোনিয়া, এমন তথ্যও প্রকাশিত বইতে উঠে এসেছে।

ব্যক্তিগত স্মৃতির আড়ালে ভারতের রাজনৈতিক ইতিহাস
ইতালির শৈশব, কেমব্রিজের প্রেম, নেহরু-গান্ধী পরিবারের বধূ হয়ে ভারতে আগমন, ইন্দিরা ও রাজীবকে হারানোর বেদনা, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ এবং ভারতের রাজনীতিতে নিজের অবস্থান প্রতিষ্ঠা-সব মিলিয়ে ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ একটি দীর্ঘ জীবনের নানা বাঁকের বিবরণ। বইটির মাধ্যমে পাঠক শুধু সোনিয়া গান্ধীর ব্যক্তিগত অনুভূতির সঙ্গে পরিচিত হবেন না, ভারতের ক্ষমতার রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তও দেখতে পাবেন তাঁর চোখ দিয়ে।

বইটি প্রকাশের আগে সোনিয়া নিজেই বলেছেন, তাঁর জীবনের গল্প পড়ে সবাই যে একইভাবে তাঁকে মূল্যায়ন করবেন, এমন নয়। কেউ হয়তো তাঁকে নতুনভাবে বুঝবেন, কেউ আবার আগের চেয়ে কম পছন্দ করবেন। এত দিন তাঁর পরিবার ও জীবন নিয়ে অন্যরা লিখেছেন; এবার তিনি নিজেই নিজের গল্প বলছেন। বইটি প্রকাশের দিন ভারতের সংবাদমাধ্যমে এর বিভিন্ন পারিবারিক ও রাজনৈতিক তথ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইন্দিরার ব্যক্তিগত জীবন, রাজীবকে প্রধানমন্ত্রী না হওয়ার অনুরোধ, ২০০৪ সালে মনমোহন সিংকে বেছে নেওয়া এবং মোদির সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব নিয়ে পাঠক ও রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শুধু একজন রাজনীতিকের আত্মকথা নয়; এটি ভালোবাসা, হারানোর বেদনা, দায়িত্ববোধ ও রাজনৈতিক বিশ্বাসের এক দীর্ঘ যাত্রার বিবরণ।

একজন ইতালীয় তরুণী কীভাবে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেন, কীভাবে ব্যক্তিগত বিপর্যয় তাঁকে রাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন এবং কেন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করলেন-এসব প্রশ্নের উত্তর খুঁজতে বইটি পাঠকের সামনে খুলে দিয়েছে এক অজানা দরজা। বাংলাদেশের পাঠকদের কাছেও বইটি বিশেষ আগ্রহের হতে পারে, কারণ ভারতের রাজনৈতিক ইতিহাস, কংগ্রেসের উত্থান-পতন, ধর্মনিরপেক্ষতার বিতর্ক এবং নেহরু-গান্ধী পরিবারের ভূমিকা বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের সঙ্গেও নানা দিক থেকে সম্পর্কিত।




