বাংলাদেশের স্পিন চ্যালেঞ্জের জবাব দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

ঘরের মাঠের চেনা কন্ডিশন ছেড়ে বাংলাদেশের বৈরি পরিবেশে মানিয়ে নেওয়াই এখন নিউজিল্যান্ডের মূল লক্ষ্য। সাদা বলের সিরিজ সামনে রেখে আজ সোমবার দুই দফায় ঢাকায় পা রাখছে কিউইরা। বাংলাদেশে আসার আগে স্পিন-সহায়ক উইকেট নিয়ে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন দলের অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার সাংবাদিকদের ল্যাথাম বলেন, ‘আমরা জানি যে স্পিন এখানে বড় ভূমিকা রাখবে এবং কন্ডিশন নিউজিল্যান্ডের তুলনায় ভিন্ন হবে। যখন কোনো ভিনদেশি পরিবেশে সফর করা হয়, তখন সিরিজ ভালোভাবে শুরু করার জন্য ম্যাচের আগের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানিয়ে নেওয়াটা জরুরি এবং আমরা আশা করি সেটি কার্যকরভাবে করতে পারব।’

আইপিএল ও পিএসএলের কারণে ব্যস্ততায় প্রথম সারির অন্তত ১০ জন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। তবে এই খর্বশক্তির দল নিয়েও আশাবাদী ল্যাথাম। তরুণদের জন্য এটি বড় সুযোগ উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএল এবং পিএসএলে অংশ নেওয়ায় সফরটি তরুণ বা তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একটি সুযোগ তৈরি করেছে। তবে স্কোয়াডের প্রতিটি সদস্যই কোনো না কোনো সময়ে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বা ওয়ানডে ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। প্রত্যেকের আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকাটা আসন্ন সফরের জন্য ইতিবাচক হবে। এছাড়া, এই খেলোয়াড়দের আরও অভিজ্ঞতা অর্জন দলের শক্তিমত্তা বাড়াতে সাহায্য করবে।’

নিউজিল্যান্ড দল আজ দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় অবতরণ করবে। ছোট অংশ বিকেলে পৌঁছালেও দলের মূল বহরটি রাত ১১টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল বিশ্রাম শেষে বুধবার থেকে মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনডোর অনুশীলনের মাধ্যমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই শুরু করবে সফরকারীরা।

১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ওয়ানডে। টি–টোয়েন্টির লড়াই শুরু হবে ২৭ এপ্রিল চট্টগ্রামে। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ২৯ এপ্রিল ও ১ মে যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকায় হবে।

পূর্বের খবরভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ এক বছর
পরবর্তি খবরঝড়ঝাপটা পেরিয়ে সুরের জয়—আশা ভোসলে-র জীবনসংগ্রাম ও অমর উত্তরাধিকার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!