ভিনিউজ ডেস্ক : বলিউড তারকা আলিয়া ভট্ট ও রণবীর কপূরের দাম্পত্য জীবন নিয়ে সমাজমাধ্যমে আলোচনা-সমালোচনা নতুন নয়। কখনও রণবীরের কোনও মন্তব্য, কখনও আলিয়ার পুরনো সাক্ষাৎকারের বক্তব্য সামনে এনে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এমনকি স্বামীর সঙ্গে সংসার করতে গিয়ে আলিয়া নিজের ইচ্ছা ও পছন্দের সঙ্গে আপস করছেন বলেও অভিযোগ উঠেছে। এবার এসব জল্পনা নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বাইরে থেকে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, যা তাঁর কাছে অপমানজনক মনে হয়। বিশেষ করে তাঁকে এমন একজন নারী হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি সংসারে অসুখী। অথচ বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আলিয়ার কথায়, মেয়েদের মনের কথা ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি সব সময়ই মনে করেন। অথচ তাঁকেই এখন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি নিজের সংসারে সুখী নন।
২০২২ সালের এপ্রিল মাসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন আলিয়া ও রণবীর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর থেকে এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।

নিজেদের সম্পর্কের বিশেষত্ব তুলে ধরে আলিয়া বলেন, একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনও বাড়তি চেষ্টা ছাড়াই একজন অন্যজনকে নিজের মনের কথা বোঝাতে পারা। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক এমনই। এটিই তাঁদের বাস্তব সম্পর্কের চিত্র বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে অতীতে আলিয়ার কয়েকটি মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ঝগড়ার সময় তাঁর গলার স্বর উঁচু হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। রণবীর মনে করেন, রাগ বা মন খারাপের সময়ও অন্যের সঙ্গে সদয় আচরণ করা উচিত। এই বক্তব্যের পর প্রশ্ন ওঠে, স্বামীকে খুশি রাখতে নিজের স্বভাব পরিবর্তন করতে হচ্ছে কি না আলিয়াকে।
আরেক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, রণবীর তাঁর ঠোঁটের স্বাভাবিক রং পছন্দ করেন বলে তাঁকে লিপস্টিক মুছে ফেলতে বলতেন। বিষয়টি আলিয়া হালকা মেজাজে বললেও সমাজমাধ্যমে অনেকে একে নিয়ন্ত্রণ করার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করেন।
তবে এসব মন্তব্যের বিপরীতে অনেকের বক্তব্য, প্রত্যেক দম্পতির সম্পর্কের ধরন আলাদা। ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বাইরে থেকে বিচার করা ঠিক নয়। আলিয়ার সাম্প্রতিক বক্তব্যেও স্পষ্ট, তাঁদের দাম্পত্য নিয়ে মানুষের ধারণার চেয়ে নিজেদের বোঝাপড়া ও পারস্পরিক সম্পর্ককেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।




